রাজশাহীতে দুর্ঘটনায় আহত বিক্রেতার পাশে যুবদল

চিকিৎসার দায়িত্ব নিলেন ডিকো, কিনে নিলেন ক্ষতিগ্রস্ত পণ্যও।

নিজস্ব প্রতি‌নি‌ধি: রাজশাহী নগরীর নওদাপাড়া আম চত্বর মোড়ে সড়ক দুর্ঘটনায় আহত এক ভ্রাম্যমাণ বিক্রেতার পাশে দাঁড়িয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন রাজশাহী জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ফয়সাল সরকার ডিকো।

গত বৃহস্পতিবার (০২ এপ্রিল) বিকেলে নওদাপাড়া আম চত্বর মোড় সংলগ্ন ইজতেমার মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, গোপালগঞ্জের বাসিন্দা সমপাপড়ি বিক্রেতা আব্দুর রাজ্জাক ম্যাচ ফ্যাক্টরি মোড় এলাকায় রাস্তা পারাপারের সময় একটি মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন। এতে তার পা ভেঙে যায় এবং তিনি সড়কের ওপর পড়ে থাকেন।

এ সময় উপস্থিত প্রত্যক্ষদর্শী ও রাজশাহী জেলা যুবদল কর্মী, আলোর দিশারী সংঘের সভাপতি মো. সোহেল দ্রুত আহত রাজ্জাককে উদ্ধার করে নওদাপাড়ার ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।

পরে বিষয়টি জানতে পেরে যুবদল নেতা মো. ফয়সাল সরকার ডিকো দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। তিনি আহত ব্যক্তির চিকিৎসার সার্বিক দায়িত্ব গ্রহণ করে অ্যাম্বুলেন্সের মাধ্যমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।

শুধু চিকিৎসাই নয়, মানবিক সহানুভূতির অংশ হিসেবে আহত বিক্রেতার বিক্রির অযোগ্য হয়ে পড়া সমপাপড়িগুলো ন্যায্যমূল্যে কিনে নেন ডিকো। পাশাপাশি তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে গোপালগঞ্জ থেকে রাজশাহীতে আসার ব্যবস্থাও করেন।

স্থানীয়রা জানান, এমন মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা ছড়ায় এবং বিপদে মানুষের পাশে দাঁড়ানোর অনুপ্রেরণা জোগায়।

এ বিষয়ে মো. ফয়সাল সরকার ডিকো বলেন, “যুবদল সবসময় অসহায় মানুষের পাশে থাকে। মানবিক দায়িত্ববোধ থেকেই আমরা এই সহায়তা করেছি। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”