কঙ্গোতে ভয়াবহ হামলা, নিহত অন্তত ৪৩

আইএস-ঘনিষ্ঠ বিদ্রোহীদের তাণ্ডব, পুড়েছে বহু ঘরবাড়ি!
বিশ্ব ডেস্ক: আফ্রিকার দেশ গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র-এর উত্তর-পূর্বাঞ্চলে ভয়াবহ এক সশস্ত্র হামলায় অন্তত ৪৩ জন নিহত হয়েছেন। দেশটির ইতুরি প্রদেশে সংঘটিত এ হামলার জন্য আইএস-ঘনিষ্ঠ বিদ্রোহী গোষ্ঠীকে দায়ী করা হয়েছে।
আঞ্চলিক সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জুলস শিকুদি নগোঙ্গো জানান, ইতুরি প্রদেশের মাম্বাসা অঞ্চলের বাফওয়াকোয়াতে এ হামলা চালানো হয়। এতে বহু মানুষ নিহত হওয়ার পাশাপাশি অন্তত ৪৪টি ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার সঙ্গে জড়িত অ্যালাইড ডেমোক্র্যাটিক ফোর্সেস (এডিএফ) মূলত উগান্ডাভিত্তিক একটি বিদ্রোহী গোষ্ঠী, যারা আইএসআইএল-এর প্রতি আনুগত্য ঘোষণা করেছে। দীর্ঘদিন ধরেই গোষ্ঠীটি পূর্ব কঙ্গোতে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে।
স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, হামলার পরপরই নিরাপত্তা বাহিনী অভিযান শুরু করেছে এবং হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা ঘরবাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং অনেককে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে।
উল্লেখ্য, পূর্বাঞ্চলে একাধিক বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করতে গিয়ে কঙ্গোর সেনাবাহিনী দীর্ঘদিন ধরে চাপে রয়েছে। বিশেষ করে রুয়ান্ডা-সমর্থিত এম২৩ গোষ্ঠীর তৎপরতায় নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।






