শাকিব বিতর্কে নীরব জ্যোতির্ময়ী

প্রিমিয়ারের ভিডিও ঘিরে আলোচনা, মন্তব্য এড়ালেন অভিনেত্রী
টুইট ডেস্ক: ঈদে মুক্তিপ্রাপ্ত প্রিন্স সিনেমাকে ঘিরে সমালোচনার মধ্যেই নতুন করে আলোচনায় এসেছেন ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান। চলচ্চিত্রটির বিশেষ প্রদর্শনীতে ঘটে যাওয়া কিছু মুহূর্ত সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।
প্রিমিয়ারে শাকিব খানের সঙ্গে উপস্থিত ছিলেন সহ-অভিনেত্রী জ্যোতির্ময়ী কুন্ডু ও তাসনিয়া ফারিণ। ভাইরাল ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানের এক পর্যায়ে জ্যোতির্ময়ীর কোমরে বারবার হাত রাখছেন শাকিব, যা নিয়ে অনলাইনে নানা প্রতিক্রিয়া তৈরি হয়েছে। একই অনুষ্ঠানে তাসনিয়া ফারিণের হাত ও বাহু চেপে ধরার দৃশ্যও ক্যামেরায় ধরা পড়ে। এক পর্যায়ে তাকে শাকিবের হাত সরিয়ে দিতে দেখা যায়।
এ ঘটনাগুলো ঘিরে সামাজিক মাধ্যমে দর্শকদের মধ্যে তীব্র আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। অনেকেই বিষয়টিকে অপেশাদার আচরণ হিসেবে দেখছেন।
তবে এ প্রসঙ্গে ভারতীয় এক গণমাধ্যমের মুখোমুখি হয়ে জ্যোতির্ময়ী কুন্ডু কোনো মন্তব্য করতে চাননি। তিনি সংক্ষেপে বলেন, “আমি এই বিষয়ে কিছু বলতে চাই না।”
বিশ্লেষকদের মতে, সিনেমার বাণিজ্যিক সাফল্য বা ব্যর্থতার চেয়েও এই ঘটনাকে ঘিরে তৈরি হওয়া বিতর্কই এখন আলোচনার কেন্দ্রে চলে এসেছে।






