কার্ড কর্মসূচিতে মূল্যস্ফীতি হবে না: প্রধানমন্ত্রী

কৃষক ও পরিবারভিত্তিক সহায়তায় বাড়বে স্থানীয় অর্থনীতির গতি

টুইট ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড চালুর ফলে দেশে কোনো ধরনের মূল্যস্ফীতি তৈরি হবে না; বরং অর্থনীতি আরও গতিশীল হবে।

গত বুধবার (১ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী জানান, এই কর্মসূচি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। একসঙ্গে সব মানুষের কাছে কার্ড পৌঁছে দেওয়া সম্ভব নয়। প্রতি বছর বাজেটে বরাদ্দ বাড়িয়ে পর্যায়ক্রমে কৃষক ও নারীদের আওতায় আনা হবে।

তিনি বলেন, “আমরা অতিরিক্ত অর্থ ছাপিয়ে দিচ্ছি না। তাই মূল্যস্ফীতির কোনো আশঙ্কা নেই।” বরং এ অর্থ স্থানীয় পর্যায়ে ব্যয় হবে, যা দেশের অভ্যন্তরীণ অর্থনীতিকে শক্তিশালী করবে।

প্রধানমন্ত্রী ব্যাখ্যা করেন, প্রান্তিক কৃষক ও নারীরা এই সহায়তার অর্থ দিয়ে পরিবারের খাদ্য, শিক্ষা কিংবা ছোট ব্যবসায় বিনিয়োগ করবেন। ফলে বাজারে অর্থের প্রবাহ বাড়বে, স্থানীয় দোকান ও ক্ষুদ্র ব্যবসা উপকৃত হবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

তিনি আরও বলেন, দেশের অধিকাংশ মানুষ স্থানীয় পণ্য ব্যবহার করে। ফলে এই কর্মসূচি স্থানীয় শিল্প ও উৎপাদন খাতকে আরও শক্তিশালী করবে।

সরকারের এই উদ্যোগ দীর্ঘমেয়াদে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।