হাম পরিস্থিতি ‘বজ্রপাতের মতো’, প্রস্তুতি ছিল না: স্বাস্থ্যমন্ত্রী

রোববার থেকে দেশজুড়ে বিশেষ টিকাদান, শিশু মৃত্যুর ঘটনায় উদ্বেগ
টুইট ডেস্ক: হাম পরিস্থিতি হঠাৎ করেই ভয়াবহ আকার ধারণ করেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেন, “বজ্রপাতের মতো হঠাৎ এসেছে হাম এ জন্য আমাদের পর্যাপ্ত প্রস্তুতি ছিল না।”
বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে রাজধানীর শেরেবাংলা নগর শিশু হাসপাতাল পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী জানান, হামের প্রাদুর্ভাব মোকাবিলায় জরুরি ভিত্তিতে টিকাদান কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। ইউনিসেফ থেকে সংগ্রহ করা টিকা দিয়ে আগামী রোববার (৫ এপ্রিল) থেকে সারাদেশে বিশেষ টিকাদান কার্যক্রম শুরু হবে। তবে নতুন টিকা সংগ্রহ করতে প্রায় এক মাস সময় লাগতে পারে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, সাম্প্রতিক সময়ে শিশু মৃত্যুর ঘটনায় সরকার গভীরভাবে উদ্বিগ্ন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।
স্বাস্থ্যখাতের চলমান সমস্যার কথাও তুলে ধরেন মন্ত্রী। পোর্টার, স্বাস্থ্য সহকারী ও সহকারী স্বাস্থ্যকর্মীদের বিভিন্ন দাবি দ্রুত সমাধানের আশ্বাস দেন তিনি।
অন্যদিকে রাজধানীর মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ১০ জন রোগী ভর্তি হয়েছে, যার মধ্যে ৫ জন হামে আক্রান্ত। একই সময়ে একজনের মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। পরিস্থিতি মোকাবিলায় জরুরি ভিত্তিতে চিকিৎসক ও নার্সসহ জনবল বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও জানিয়েছেন সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুদের টিকার আওতায় আনতে দেশজুড়ে বিশেষ কর্মসূচি শুরু হচ্ছে এবং এ লক্ষ্যে স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করা হয়েছে।






