জ্বালানি সংকট নেই, মজুতদারদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

বিকল্প উৎস থেকে আমদানির উদ্যোগ, বাজারে কৃত্রিম সংকট রোধে অভিযান জোরদার

টুইট ডেস্ক: দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মুখপাত্র ও যুগ্মসচিব মনির হোসেন চৌধুরী। একইসঙ্গে কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে মজুতদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বৈশ্বিক পরিস্থিতির প্রভাবে মধ্যপ্রাচ্যের কিছু সরবরাহ চুক্তি ‘ফোর্স মেজর’-এর আওতায় পড়লেও বিকল্প উৎস থেকে জ্বালানি আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে এবং এ ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি রয়েছে।

তিনি জানান, বর্তমানে জ্বালানি আমদানি ও পরিশোধন কার্যক্রম স্বাভাবিক রয়েছে। বিশেষ করে ইস্টার্ন রিফাইনারি লিমিটেড-এ অপরিশোধিত তেল পরিশোধন কার্যক্রম চলমান থাকায় সরবরাহে কোনো বিঘ্ন ঘটেনি।

মজুতদারি প্রসঙ্গে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে উদ্ধার অভিযান চলছে এবং অবৈধভাবে জ্বালানি মজুত করলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রয়োজনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থাও নেওয়া হবে। উদ্ধারকৃত তেল খোলা বাজারে বিক্রি করা হচ্ছে, যাতে সাধারণ মানুষ সরাসরি উপকৃত হয়।

কৃষি খাতে ডিজেল সরবরাহ বিষয়ে তিনি বলেন, জেলা প্রশাসন ও কৃষি কর্মকর্তাদের মাধ্যমে প্রকৃত কৃষকদের তালিকা অনুযায়ী জ্বালানি বিতরণ নিশ্চিত করা হচ্ছে, যাতে কেউ বঞ্চিত না হন।

ফিলিং স্টেশনে ভিআইপি অগ্রাধিকার প্রসঙ্গে তিনি স্পষ্ট করেন, এ ধরনের কোনো নির্দেশনা নেই এবং সবাইকে সমানভাবে জ্বালানি সরবরাহ করা হচ্ছে।

ভবিষ্যতে সরবরাহ স্থিতিশীল রাখতে উজবেকিস্তান, কাজাখস্তান এবং সিঙ্গাপুরসহ বিভিন্ন উৎস থেকে জ্বালানি আমদানির পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

সামগ্রিক পরিস্থিতিতে জ্বালানি সাশ্রয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট এই কর্মকর্তা।