রাজশাহীতে যুবদলের উদ্যোগে এতিম পরিবারের দখলকৃত জমি উদ্ধার

রাজশাহীর কাশিয়াডাঙ্গায় আপোষে সমাধান, স্বস্তি এলাকাবাসীর

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার সাইরগাছা এলাকায় দীর্ঘদিন দখলে থাকা একটি জমি উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে বুঝিয়ে দিয়েছেন স্থানীয় যুবদল নেতাকর্মীরা। এতে এলাকায় স্বস্তি ফিরে এসেছে এবং তাদের এই উদ্যোগ প্রশংসিত হয়েছে।

জানা গেছে, নাটোর সদর উপজেলার বাসিন্দা মৃত নজরুল ইসলামের ছেলে মো. মনিরের প্রায় দেড় কাঠা জমি দীর্ঘদিন ধরে তার স্বজনদের দখলে ছিল। পরিবারটি রাজশাহীর বাইরে অবস্থান করায় জমিটি জোরপূর্বক দখল করে রাখা হয় বলে অভিযোগ ওঠে।

পরে বিষয়টি স্থানীয় ১ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আশরাফুল আলমের কাছে জানানো হলে তিনি জমির কাগজপত্র যাচাই-বাছাই করেন। এতে নিশ্চিত হওয়া যায়, জমিটির বৈধ মালিক মো. মনির।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে আশরাফুল আলমের নেতৃত্বে নেতাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে সমঝোতা করেন। দীর্ঘ আলোচনার পর শান্তিপূর্ণভাবে জমিটি প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

জমির মালিক মো. মনির বলেন, “কোনো স্বার্থ ছাড়া তারা আমার জমি উদ্ধার করে দিয়েছেন। তাদের প্রতি আমি কৃতজ্ঞ।

এ বিষয়ে আশরাফুল আলম বলেন, এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি ও ভূমিদস্যুতা প্রতিরোধে যুবদল কাজ করছে এবং ভবিষ্যতেও সাধারণ মানুষের অধিকার রক্ষায় তারা সক্রিয় থাকবে।

স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন এবং ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।