রাজশাহীতে যুবদল নেতা হস্তক্ষেপে বন্ধ নির্মাণ কাজ পুনরায় শুরু

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর চারকুটার মোড় এলাকায় চাঁদা দাবির অভিযোগে বন্ধ হয়ে যাওয়া একটি বাড়ির নির্মাণ কাজ পুনরায় শুরু হয়েছে যুবদল নেতা মো. রবিন হোসেনের হস্তক্ষেপে। তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে সমস্যার সমাধান করলে কলেজ শিক্ষক হামিদুর রহমান আবারও নির্মাণ কাজ শুরু করেন। (১ এপ্রিল) বুধবার এ ঘটনা ঘটে।

জানা যায়, রাজশাহীর সুজাউদ্দৌলা কলেজের শিক্ষক মো. হামিদুর রহমান মহানগরীর চারকুটার মোড় এলাকায় নতুন বাড়ি নির্মাণ করছিলেন। নির্মাণ কাজ শুরুর পর থেকেই স্থানীয় কয়েকজন যুবক বিভিন্ন নির্মাণ সামগ্রী সরবরাহের নামে চাঁদা দাবি করতে থাকেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা দুই দিন আগে নির্মাণ কাজ বন্ধ করে দেন এবং বাড়ির মালিককে হেনস্তার অভিযোগ ওঠে।

বিষয়টি জানতে পেরে রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ও কাশিয়াডাঙ্গা থানা যুবদল নেতা মো. রবিন হোসেন ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় তিনি যুবদলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বাড়ির মালিকের সঙ্গে কথা বলেন এবং পরিস্থিতি শান্ত করার উদ্যোগ নেন। পরে সংশ্লিষ্টদের নিবৃত্ত করে নির্মাণ কাজ পুনরায় চালুর ব্যবস্থা করেন।

এ সময় মো. রবিন হোসেন বলেন, সমাজে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের কোনো স্থান নেই। কেউ নির্মাণ কাজ বা ব্যবসা পরিচালনার ক্ষেত্রে হয়রানির শিকার হলে যুবদল তাদের পাশে থাকবে। তিনি আরও বলেন, সমাজের প্রতিটি নাগরিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি বাড়ির মালিক হামিদুর রহমানকে আশ্বস্ত করে বলেন, ভবিষ্যতে যেন কোনো ধরনের সমস্যার সম্মুখীন না হন সে বিষয়ে যুবদল সার্বিক সহযোগিতা করবে। তার আশ্বাসে নির্মাণ কাজ পুনরায় শুরু করেন বাড়ির মালিক।

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র যুবদল নেতা আশরাফুল, ১ নম্বর ওয়ার্ড যুবদল নেতা মিনারুল, শাহিন, রাজিবসহ স্থানীয় যুবদল নেতাকর্মীরা।

বাড়ির মালিক হামিদুর রহমান যুবদল নেতা রবিন হোসেন ও উপস্থিত নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তাদের সহযোগিতায় তিনি পুনরায় নিরাপদে নির্মাণ কাজ শুরু করতে পেরেছেন। তিনি আশা করেন ভবিষ্যতেও এমন সহযোগিতা অব্যাহত থাকবে।