৪০ বছর পর ইরাকের জয়

বলিভিয়া হারিয়ে বিশ্বকাপের যোগ্যতা অর্জন।
টুইট ডেস্ক: দীর্ঘ চার দশকের পর আবারও ফিফা বিশ্বকাপের মঞ্চে ফিরছে ইরাক। পশ্চিম এশিয়ার দেশটি আন্তঃমহাদেশীয় প্লে-অফের ফাইনালে বলিভিয়াকে ২-১ গোলে হারিয়ে ২০২৬ সালের বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে।
এর ফলে আসন্ন ৪৮ দলের চূড়ান্ত তালিকাও পূর্ণ হলো।
এশিয়ার বাছাইপর্বে সরাসরি সুযোগ হাতছাড়া করলেও, প্লে-অফে ইরাকের খেলোয়াড়রা দারুণ লড়াই দেখিয়েছে।
ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলেছে তারা। ১৮ মিনিটে আলি আলমাহাদির গোল ইরাককে এগিয়ে দিয়েছে।
৩৮ মিনিটে মইসেস পানিয়াগুয়ার সমতোল গোলে বলিভিয়া সমতা ফেরায়। তবে ৫৩ মিনিটে আইমেন হুসেইনের গুরুত্বপূর্ণ গোল ইরাককে আবারও এগিয়ে নিয়ে আসে এবং শেষ পর্যন্ত বিজয় নিশ্চিত করে।
১৯৮৬ সালের পর এটি ইরাকের দ্বিতীয়বারের বিশ্বকাপ যাত্রা। একই সঙ্গে কোচ গ্রাহাম আরনল্ড এক অনন্য কীর্তি গড়েছেন,নিজ দেশ অস্ট্রেলিয়ার পর আরেকটি দেশকে বিশ্বকাপে পৌঁছে দেওয়ার নজির স্থাপন করেছেন।
আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই অনুষ্ঠিত হবে ফুটবলের সর্বোচ্চ এই আসর, যা যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় আয়োজিত হবে।
গ্রুপ ‘আই’-এ ইরাকের প্রতিপক্ষ ফ্রান্স, নরওয়ে ও সেনেগাল। ১৬ জুন ফক্সবোরোতে নরওয়ের বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে তারা।
২২ জুন ফিলাডেলফিয়ায় ফ্রান্স এবং ২৬ জুন টরোন্টোতে সেনেগালের মুখোমুখি হবে ইরাক।
বিশ্বমঞ্চে দীর্ঘ প্রতীক্ষার পর ফেরার এই জয়ে দেশজুড়ে ফুটবল উন্মাদনা তীব্র আকারে ছড়িয়ে পড়েছে।
কোচ আরনল্ড বলেছেন, “আমাদের খেলোয়াড়রা বিশ্বকাপে ওঠার জন্য পূর্ণ প্রস্তুতি নিয়েছে এবং তাদের আকাঙ্ক্ষা অনন্য।”






