রাঙামাটিতে ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট থাকলেই মিলছে জ্বালানি তেল

শহরের ফিলিং স্টেশনগুলোতে শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন
টুইট ডেস্ক: রাঙামাটিতে ফিলিং স্টেশনগুলোতে মোটরসাইকেল চালক ও গাড়ি চালকদের ড্রাইভিং লাইসেন্স, গাড়ির বৈধ কাগজপত্র এবং হেলমেট পরিহতদের সীমিত পরিসরে অকটেন জ্বালানি তেল দেওয়া হচ্ছে। বুধবার (১ এপ্রিল) শহরের চরাটি পাম্পসহ তিনটি পাম্পে এই কার্যক্রম চালানো হয়েছে।
পাম্পে দীর্ঘসারি ও অপেক্ষার পরও তেল পাওয়ায় সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছেন। প্রতিটি গ্রাহককে মাত্র ৩০০ টাকার তেল দেওয়া হচ্ছে। তবে অনেকেই গাড়ি ও ড্রাইভিং কাগজ যাচাইয়ের এই নিয়মকে যথার্থ মনে করছেন।
শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের পাশাপাশি পাম্পগুলোতে সেনাবাহিনীও দায়িত্ব পালন করছে। এ প্রসঙ্গে পুলিশ এসআই মো. তোফাজ্জল হোসেন জানিয়েছেন, “গাড়ির বৈধ কাগজ, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট থাকলেই অকটেন দেওয়া হচ্ছে।”
জ্বালানি সংকটের প্রভাব নৌপরিবহন খাতেও পড়েছে। কাপ্তাই হ্রদে স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে, যদিও যাত্রীবাহী লঞ্চগুলো এখনও চলমান। নৌযান সংশ্লিষ্টরা বলছেন, প্রতিদিনের চাহিদা অনুযায়ী তেল না পেলে যেকোনো সময় লঞ্চ চলাচলও বন্ধ হয়ে যেতে পারে।






