মেসিদের ঝলকে বড় জয়, আত্মবিশ্বাসে টগবগ আর্জেন্টিনা

জাম্বিয়াকে ৫-০ গোলে উড়িয়ে বিশ্বকাপের আগে আত্মবিশ্বাসী চ্যাম্পিয়নরা

বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতির মঞ্চে শক্তির জানান দিল আর্জেন্টিনা। ঘরের মাঠ বুয়েন্স আয়ার্সের ঐতিহ্যবাহী লা বোম্বোনেরা স্টেডিয়ামে আফ্রিকার দল জাম্বিয়াকে ৫-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে দারুণ আত্মবিশ্বাস নিয়েই প্রস্তুতি শেষ করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

পুরো ম্যাচজুড়ে একতরফা আধিপত্য দেখিয়েছে লিওনেল স্কালোনির দল। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকা আর্জেন্টিনা ম্যাচের চতুর্থ মিনিটেই এগিয়ে যায়।

লিয়েন্দ্রো পারেদেসের পাস থেকে লিওনেল মেসির সহায়তায় প্রথম গোলটি করেন হুলিয়ান আলভারেজ।
প্রথমার্ধের শেষদিকে ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক মেসি।

আঅ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টারের সঙ্গে দারুণ সমন্বয়ে নিচু শটে গোল করে নিজের উপস্থিতি জানান দেন এই তারকা ফরোয়ার্ড।

দ্বিতীয়ার্ধেও একই ছন্দ ধরে রাখে স্বাগতিকরা। ৫০ মিনিটে পাওয়া পেনাল্টি নিজে না নিয়ে সতীর্থ নিকোলাস

ওতামেন্দিকে সুযোগ দেন মেসি, আর সেটিকে গোলে পরিণত করে ব্যবধান বাড়ান এই ডিফেন্ডার।

ম্যাচের চাপে পড়ে আত্মঘাতী গোল করে বসেন জাম্বিয়ার ডমিনিক চান্দা, যা আর্জেন্টিনার ব্যবধান আরও বাড়িয়ে দেয়।
যোগ করা সময়ে তরুণ ভ্যালেন্টিন বার্কো গোল করে জয়কে পূর্ণতা দেন এবং জাতীয় দলের হয়ে নিজের প্রথম

গোল উদযাপন করেন।
পরিসংখ্যানেও স্পষ্ট আর্জেন্টিনার আধিপত্য,৭৬ শতাংশ বল দখলে রেখে ৯টি শট নেয় তারা, যার ৫টি ছিল লক্ষ্যে। বিপরীতে জাম্বিয়া মাত্র ৩টি শট নিতে সক্ষম হয়, যার একটি ছিল লক্ষ্যভেদী।
কোচ স্কালোনি আগের ম্যাচে পারফরম্যান্স নিয়ে অসন্তুষ্ট থাকলেও এই ম্যাচে একাদশে পরিবর্তন এনে কাঙ্ক্ষিত ফল পেয়েছেন।

ম্যাচের শেষদিকে গোলরক্ষক পরিবর্তন করে হুয়ান মুসোকে সুযোগ দেওয়াও ছিল পরীক্ষামূলক পরিকল্পনার অংশ।

সব মিলিয়ে বিশ্বকাপের আগে নিজেদের ছন্দ, গভীরতা ও কৌশলগত বৈচিত্র্য প্রমাণ করে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে আর্জেন্টিনা। এখন লক্ষ্য,এই ধারাবাহিকতা বিশ্বমঞ্চেও ধরে রাখা।