গোদাগাড়ীতে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধরের অভিযোগ

জমি বিরোধে বাড়ি ভাঙচুর, আওয়ামী লীগ নেতাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা।
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর, বসতবাড়ি ভাঙচুর ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক আওয়ামী লীগ নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে।
মঙ্গলবার (৩১ মার্চ) সকালে উপজেলার প্রেমতলী কাঁঠালবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত গৃহবধূ জান্নাতুন নাহার বাদী হয়ে মাটিকাটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য নয়ন মেম্বারসহ ছয়জনের বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে যা বলা হয়েছে
অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী জান্নাতুন নাহারের সঙ্গে স্থানীয় নয়ন মেম্বার ও তার সহযোগীদের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে ঘটনার দিন সকাল আনুমানিক ৯টার দিকে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে তার বসতবাড়িতে হামলা চালায়।
হামলাকারীরা ঘরে ঢুকে আসবাবপত্র ভাঙচুর করে এবং প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এসময় বাধা দিতে গেলে অন্তঃসত্ত্বা জান্নাতুন নাহারকে এলোপাতাড়িভাবে মারধর করা হয়, এতে তিনি গুরুতর আহত হন।
ভুক্তভোগীর অভিযোগ, হামলার সময় তার গলায় থাকা প্রায় ৯ আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়, যার মূল্য প্রায় এক লাখ ২০ হাজার টাকা। এছাড়া তার স্বামীকেও মারধর করা হয় এবং পরিবারকে খুন-জখমের হুমকি দেওয়া হয়।
পরে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে। আহত অবস্থায় ভুক্তভোগী চিকিৎসা নেন।
অতীত কর্মকাণ্ড নিয়ে অভিযোগ
এলাকাবাসীর দাবি, অভিযুক্তদের বিরুদ্ধে এর আগেও জমি দখল, লুটপাট ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে। তারা এলাকায় প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে এসব কার্যক্রম চালিয়ে আসছিল বলে অভিযোগ করেন স্থানীয়রা।
পুলিশের বক্তব্য
গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান বাকির জানান, অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন বলেন, অভিযোগটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।






