রাশিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২৯

ক্রিমিয়ায় পাহাড়ে আছড়ে পড়ে এএন-২৬, কেউ বেঁচে নেই

টুইট ডেস্ক: রাশিয়ার ক্রিমিয়া অঞ্চলে একটি সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ২৯ জন নিহত হয়েছেন। বুধবার (১ এপ্রিল) এ তথ্য জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

বার্তাসংস্থা তাস নিউজ-এর খবরে বলা হয়, কৃষ্ণ সাগরের কাছাকাছি একটি পাহাড়ের চূড়ায় বিমানটি বিধ্বস্ত হয়। এতে থাকা ছয়জন ক্রু সদস্যসহ ২৩ জন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।

মন্ত্রণালয় জানায়, মস্কো সময় মঙ্গলবার (৩১ মার্চ) রাত ৮টার দিকে এএন-২৬ সামরিক পরিবহন বিমানটি রাডার থেকে নিখোঁজ হয়। এটি পূর্বনির্ধারিত রুটে ক্রিমিয়ার আকাশসীমায় উড়ছিল।

দুর্ঘটনায় কেউ বেঁচে নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে বিমানে মোট আরোহীর সংখ্যা সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

প্রাথমিক তদন্তে প্রযুক্তিগত ত্রুটিকে দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করেছে আরআইএ।

উল্লেখ্য, সোভিয়েত আমলে নির্মিত এএন-২৬ মডেলের বিমানগুলো ১৯৬০-এর দশক থেকে ব্যবহৃত হয়ে আসছে। মূলত মালবাহী হিসেবে ব্যবহৃত হলেও বিভিন্ন সময় যাত্রী পরিবহনেও এগুলো ব্যবহার করা হয়। অতীতে এই মডেলের একাধিক বিমান দুর্ঘটনার শিকার হয়েছে।

সর্বশেষ ঘটনায় রাশিয়ার সামরিক বিমান নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।