রাহুলের স্মৃতিতে অক্ষত হোটেল কক্ষ

দিঘার তালসারিতে মৃত্যুর পর ‘৪০০৫’ নম্বর কক্ষ অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত
টুইট ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যের দিঘা–সংলগ্ন তালসারি সৈকত এলাকায় শুটিং করতে গিয়ে সমুদ্রে ডুবে মৃত্যুবরণ করেন জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জি। তার এই আকস্মিক প্রয়াণে দুই বাংলার বিনোদন অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
প্রিয় অভিনেতার স্মৃতিকে অম্লান রাখতে তিনি যে হোটেলে অবস্থান করছিলেন, সেই হোটেলের ‘৪০০৫’ নম্বর কক্ষটি অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। জানা গেছে, কক্ষটিতে এখনও রাহুলের ব্যবহৃত বিভিন্ন সামগ্রী আগের মতোই রয়েছে—বিছানায় রাখা হ্যাঙ্গার, ব্যবহৃত চায়ের কাপ, টি-ব্যাগসহ ব্যক্তিগত জিনিসপত্র স্পর্শ না করেই সংরক্ষণ করা হয়েছে।
হোটেলের মালিক সৌরভ চৌধুরী জানান, রাহুল ছিলেন অত্যন্ত অমায়িক ও সহজ-সরল মানুষ। খাবারের বিষয়ে তিনি প্রায়ই ব্যক্তিগতভাবে যোগাযোগ করতেন। মৃত্যুর আগে তিনি খিচুড়ি, বেগুন ভাজা ও আলু সেদ্ধ খাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। এমনকি পরবর্তী সফরে মাছ খাওয়ার কথাও জানিয়েছিলেন।
অন্যদিকে, এই অকাল মৃত্যু মেনে নিতে পারছেন না তার সহকর্মী, নির্মাতা ও ভক্তরা। বাংলাদেশের শিল্পীদের মধ্যেও বইছে শোকের আবহ।
রাহুলের ব্যক্তিগত গাড়িচালক বাবলু দাস জানান, সমুদ্রের গভীরতা ও জোয়ারের তীব্রতা বুঝে ওঠার আগেই দুর্ঘটনাটি ঘটে যায়। উদ্ধার করার সুযোগ না পেয়ে শেষ পর্যন্ত শূন্য গাড়ি নিয়েই তাকে ফিরতে হচ্ছে কলকাতায়—যে গাড়িতে এখনও লেখা রয়েছে প্রিয় অভিনেতার নাম।
উল্লেখ্য, গত রোববার তালসারি সৈকতে শুটিং চলাকালে সমুদ্রের পানিতে তলিয়ে যান রাহুল। পরদিন ময়নাতদন্ত শেষে তার মৃত্যুর কারণ হিসেবে পানিতে ডুবে যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়। চিরদিনই তুমি যে আমার চলচ্চিত্রের মাধ্যমে পরিচিতি পাওয়া এই অভিনেতা তার অভিনয় ও সৃজনশীলতার জন্য ভক্তদের মনে দীর্ঘদিন বেঁচে থাকবেন।






