কাচ্চি না খেলে ফিরবেন না জ্যোতির্ময়ী

বাংলাদেশে প্রথম সফরেই আতিথেয়তা ও খাবারে মুগ্ধ ভারতীয় অভিনেত্রী
টুইট ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় তারকা শাকিব খান অভিনীত বহুল আলোচিত সিনেমা প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা–এ অভিনয়ের সূত্রে প্রথমবার বাংলাদেশে এসেছেন ভারতের অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু। আর এই প্রথম সফরেই দেশের আতিথেয়তা ও খাবারের প্রতি গভীর মুগ্ধতা প্রকাশ করেছেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে জ্যোতির্ময়ী কুণ্ডু স্পষ্ট ভাষায় জানান, কাচ্চি বিরিয়ানি না খেয়ে তিনি বাংলাদেশ ছাড়বেন না। তার ভাষায়, “কাচ্চি বিরিয়ানি না খাইয়ে যদি আমাকে ভারত পাঠিয়ে দেওয়া হয়, তাহলে আমার আত্মা শান্তি পাবে না।” তিনি আরও বলেন, এই সফরে সময় পেলে দেশের বিভিন্ন স্থানে ঘোরারও পরিকল্পনা রয়েছে।
বাংলাদেশে আসা নিয়ে নিজের আগ্রহের কথা জানিয়ে এই অভিনেত্রী বলেন, বহুদিন ধরেই তিনি এই দেশের সংস্কৃতি, মানুষ এবং দর্শকদের প্রতিক্রিয়া সরাসরি দেখার অপেক্ষায় ছিলেন। ভারতের বিভিন্ন মানুষের কাছ থেকে বাংলাদেশের আতিথেয়তা, আন্তরিকতা এবং বিশেষ করে খাবারের প্রশংসা শুনে তার আগ্রহ আরও বেড়ে যায়।
বাংলাদেশি খাবারের প্রতি আকর্ষণের প্রসঙ্গে তিনি বিশেষভাবে কাচ্চি বিরিয়ানির কথা উল্লেখ করেন। পাশাপাশি ইলিশ মাছ পছন্দ করলেও কাঁটার কারণে তা খেতে অসুবিধার কথা খোলাখুলি স্বীকার করেন। তবে কেউ যদি কাঁটা বেছে দেন, তাহলে ইলিশ খেতেও তার আপত্তি নেই বলেও জানান।
বাংলাদেশ সফরের শুরুতেই এমন ইতিবাচক অভিজ্ঞতা তার ভবিষ্যৎ কাজ এবং সাংস্কৃতিক বিনিময়ে নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।






