মালয়েশিয়া থেকে ৩০ হাজার টন ডিজেল দেশে পৌঁছালো

মধ্যপ্রাচ্যের যুদ্ধের মাঝেও চট্টগ্রাম বন্দরে ডিজেল সরবরাহ অব্যাহত; মার্চে বন্দরে ৮টি ডিজেলবাহী জাহাজ ভিড়েছে!
টুইট ডেস্ক: ৩০ হাজার টন পরিশোধিত ডিজেল নিয়ে মালয়েশিয়ার ‘পিভিটি সোলানা’ নামের একটি ট্যাংকার জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে পৌঁছেছে। এটি পানামার পতাকাবাহী একটি জাহাজ।
বন্দর সচিব সৈয়দ রেফায়েত করিম বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার ভোরে জাহাজটি বন্দরে আসেনি। আনুষ্ঠানিকতা শেষে লাইটারের মাধ্যমে জ্বালানি তেল খালাস করা হবে। প্রয়োজনে জাহাজটিকে ডলফিন জেটিতে ভিড়ানোর পরিকল্পনা রয়েছে, যেখানে খালাস কার্যক্রম সম্পন্ন হবে।
বন্দর সূত্র জানায়, ৩ এপ্রিল একই পরিমাণ ডিজেল নিয়ে আরও একটি জাহাজ বন্দরে ভিড়তে পারে। এছাড়াও ৪ এপ্রিল প্রায় ৭০ হাজার টন প্রাকৃতিক গ্যাস নিয়ে আরও একটি জাহাজ ভিড়তে পারে।
গত এক মাসে চট্টগ্রাম বন্দরে বিভিন্ন ধরনের জ্বালানি নিয়ে মোট ৩৩টি জাহাজ ভিড়েছে। এর মধ্যে ১৫টি জাহাজ তেলবাহী, যার মধ্যে ৮টি ডিজেলবাহী। এছাড়া ৮টি প্রাকৃতিক গ্যাস এবং ৯টি গ্যাসবাহী জাহাজ এসেছে। মঙ্গলবারের জাহাজটিসহ এই সংখ্যা ৩৩টিতে পৌঁছেছে।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেও দেশে জ্বালানির সরবরাহ অব্যাহত থাকায় এটি আশা জাগানো ঘটনা হিসেবে দেখা হচ্ছে।






