লাথামের নেতৃত্বে বাংলাদেশে নিউজিল্যান্ড

আইপিএল ব্যস্ততায় স্যান্টনার নেই, চোট কাটিয়ে ফিরেছেন তিন পেসার।
টুইট ডেস্ক: বাংলাদেশ সফরকে সামনে রেখে সীমিত ওভারের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট।
অভিজ্ঞ টম লাথামের নেতৃত্বে ঘোষিত এই দলে জায়গা পেয়েছেন কয়েকজন ফেরা ক্রিকেটার, আর অনুপস্থিত রয়েছেন নিয়মিত অধিনায়ক মিচেল স্যান্টনার।
দল ঘোষণায় সবচেয়ে বড় দৃষ্টি কেড়েছে তিন ফাস্ট বোলার ম্যাট ফিশার, উইল ও’রুর্ক ও ব্লেয়ার টিকনারের প্রত্যাবর্তন।
ইনজুরি কাটিয়ে তারা আবারও দলে ফিরেছেন, যা কিউইদের বোলিং আক্রমণে বাড়তি গভীরতা যোগ করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
নিউজিল্যান্ডের প্রধান কোচ রব ওয়াল্টার জানিয়েছেন, ব্যস্ত আন্তর্জাতিক সূচিতে শক্তিশালী বোলিং লাইনআপ ধরে রাখা জরুরি।
তার ভাষায়, দীর্ঘ সময় ধরে পুনর্বাসন শেষে এই তিন পেসারের ফেরা দলের জন্য ইতিবাচক দিক।
অন্যদিকে, নিয়মিত সাদা বলের অধিনায়ক মিচেল স্যান্টনারকে এই সফরে পাচ্ছে না দল। ভারতীয় প্রিমিয়ার লিগে মুম্বাইয়ের হয়ে খেলতে ব্যস্ত থাকায় তাকে ছাড়াই বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড।
আগামী ১৩ এপ্রিল বাংলাদেশে পা রাখবে কিউইরা। সফরে স্বাগতিকদের বিপক্ষে তিনটি একদিনের ও তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলবে তারা।
বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে এই সিরিজকে গুরুত্বপূর্ণ হিসেবেই দেখছে দুই দল।
দল নির্বাচনে তরুণ ও অভিজ্ঞদের সমন্বয় রাখার চেষ্টা করেছে নিউজিল্যান্ড। বিশেষ করে ফক্সক্রফট, ক্লার্কসনদের মতো ক্রিকেটারদের অন্তর্ভুক্তি ভবিষ্যৎ পরিকল্পনার ইঙ্গিত দিচ্ছে।
বাংলাদেশের কন্ডিশনে পেস ও স্পিনের সমন্বিত চ্যালেঞ্জ মোকাবিলায় কিউইদের এই দল কতটা কার্যকর হয়, সেটিই এখন দেখার বিষয়।






