জ্বালানি সংকটে শিক্ষা খাতে বিকল্প ভাবনা

স্কুলে অনলাইন-অফলাইন সমন্বিত পাঠদানের প্রস্তাব মন্ত্রিসভায় উঠছে বৃহস্পতিবার।
টুইট ডেস্ক: জ্বালানি সংকট, যানজট এবং সাম্প্রতিক স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় স্কুল পর্যায়ে অনলাইন ও অফলাইন সমন্বয়ে পাঠদান চালুর চিন্তা করছে সরকার। এ বিষয়ে আগামী বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাব উত্থাপন করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন।
মঙ্গলবার (৩১ মার্চ) সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, রমজানসহ বিভিন্ন কারণে সৃষ্ট পাঠদানের ঘাটতি পূরণে ইতোমধ্যে শনিবারও স্কুল খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বর্তমান জ্বালানি সংকট, নগরীর তীব্র যানজট এবং হামের প্রাদুর্ভাব বিবেচনায় বিকল্প পদ্ধতি হিসেবে অনলাইন ক্লাসের বিষয়টি গুরুত্ব পাচ্ছে।
তিনি আরও জানান, একটি জরিপে প্রায় ৫৫ শতাংশ শিক্ষার্থী ও অভিভাবক আংশিক অনলাইন শিক্ষার পক্ষে মত দিয়েছেন। তবে পুরোপুরি অনলাইন শিক্ষায় গেলে শিক্ষার্থীদের সামাজিক বিচ্ছিন্নতার আশঙ্কা রয়েছে—এ বিষয়টিও সরকার গুরুত্ব সহকারে বিবেচনা করছে।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিষয়টি নিয়ে কাজ চলছে এবং আসন্ন মন্ত্রিসভা বৈঠকে বিস্তারিত আলোচনা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।
প্রাথমিকভাবে স্কুল পর্যায়ে এ পদ্ধতি চালুর পরিকল্পনা থাকলেও কলেজ পর্যায়েও তা প্রয়োগযোগ্য কিনা, সে বিষয়েও আলোচনা চলছে। তবে বিশ্ববিদ্যালয় পর্যায়ে আপাতত ভিন্ন ব্যবস্থাপনা থাকতে পারে বলে ইঙ্গিত দেন তিনি।
এদিকে, মহানগরীগুলোর শিক্ষার্থীদের জন্য পরিবহন সংকট নিরসনে বাস সার্ভিস চালু, বৈদ্যুতিক বাস, মেট্রোরেল এবং সৌরশক্তিচালিত পরিবহন ব্যবস্থার মতো বিকল্প উদ্যোগ নিয়েও ভাবনা-চিন্তা করছে সরকার।
সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় শিক্ষা খাতে একটি টেকসই ও বাস্তবমুখী সমাধান খুঁজে বের করতে চায় সরকার—এমনটাই জানিয়েছেন সংশ্লিষ্টরা।






