ভিনির শঙ্কা, ব্রাজিল দুশ্চিন্তায় রাফিনহার চোটের পর প্রস্তুতি

রাফিনহার চোটের পর প্রস্তুতি ম্যাচের আগে নতুন উৎকণ্ঠা আনচেলত্তির শিবিরে।

টুইট ডেস্ক: বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতির সময়টা ক্রমেই দুশ্চিন্তায় রূপ নিচ্ছে ব্রাজিল শিবিরে। একের পর এক চোটে দল গোছানো কঠিন হয়ে পড়ছে প্রধান কোচ কার্লো আনচেলত্তিয়ের জন্য। রাফিনহার দীর্ঘমেয়াদি ছিটকে পড়ার পর এবার অনিশ্চয়তায় পড়েছেন তারকা ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র।

সবশেষ প্রীতি ম্যাচে ফ্রান্সের বিপক্ষে হারের ধাক্কা কাটিয়ে ওঠার আগেই নতুন করে চোটের শঙ্কা দেখা দিয়েছে দলে।

হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়া রাফিনহা প্রায় পাঁচ সপ্তাহ মাঠের বাইরে থাকবেন। ফলে আক্রমণভাগে বড় ধাক্কা খেয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

আগামী ১ এপ্রিল অরল্যান্ডোতে ক্রোয়েশিয়ার বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে ব্রাজিল। তবে ম্যাচের আগে অনুশীলনে দেখা যায়নি ভিনিসিয়াসকে।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, তিনি জিমে সময় কাটিয়েছেন এবং পরে চিকিৎসা নিয়েছেন।

ফ্রান্স ম্যাচে উরুতে অস্বস্তি অনুভব করলেও মেডিকেল পরীক্ষায় গুরুতর কিছু ধরা পড়েনি। তবুও ঝুঁকি এড়াতে তাকে অনুশীলন থেকে বিরত রাখা হয়েছে।

ব্রাজিল ফুটবল কর্তৃপক্ষ বিষয়টিকে ‘কাজের চাপ নিয়ন্ত্রণ’ হিসেবে দেখছে। ফলে ক্রোয়েশিয়া ম্যাচে তার খেলার সম্ভবনাই‌ বেশি।

এদিকে, আগের ম্যাচে না খেলা মার্কুইনহস অনুশীলনে ফিরেছেন, যা কিছুটা স্বস্তি দিচ্ছে দলকে। তবে রাফিনহা ও ওয়েসলির অনুপস্থিতিতে একাদশে পরিবর্তন আসতে পারে।

ডান পাশে অভিজ্ঞ দানিলোকে দেখা যেতে পারে শুরুর একাদশে।বিশ্বকাপ দল ঘোষণার আগে এই প্রস্তুতি ম্যাচ ব্রাজিলের জন্য গুরুত্বপূর্ণ পরীক্ষা। কিন্তু ধারাবাহিক চোটে

পরিকল্পনা ভেঙে পড়ার শঙ্কাই এখন বড় হয়ে উঠছে। আনচেলত্তির সামনে তাই শুধু প্রতিপক্ষ নয়, লড়াইটা নিজের দলের ফিটনেস নিয়েও।