রাজশাহীতে ডিবির অভিযানে ১৫শ ইয়াবাসহ নারী আটক

গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে অভিযান; স্বামী পলাতক, গ্রেফতারে তৎপরতা অব্যাহত!

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর চারঘাট উপজেলায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ১৫০০ পিস ইয়াবাসহ মোছাঃ শাপলা খাতুন (২৯) নামে এক নারী মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার সহযোগী ও স্বামী মোঃ রাসেল আলী পালিয়ে যায়।

পুলিশ জানায়, রোববার (২৯ মার্চ) রাত আনুমানিক ১১টায় রাজশাহী জেলা ডিবি পুলিশের এসআই (নিরস্ত্র) মোঃ নাছিম উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ চারঘাট থানাধীন মালেকার মোড় ও আশপাশ এলাকায় মাদক উদ্ধারের ডিউটিতে ছিলেন। চারঘাট থানার মালেকার মোড় এলাকায় দায়িত্ব পালনকালে গোপন সংবাদের মাধ্যমে জানা যায়, বালুদিয়ার গ্রামে শাপলা খাতুনের বাড়িতে ইয়াবা বিক্রির প্রস্তুতি চলছে।

এ তথ্যের ভিত্তিতে রাত প্রায় ১১টা ১৫ মিনিটে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালানোর চেষ্টা করলে রাত সাড়ে ১১টার দিকে নারী পুলিশ সদস্যের মাধ্যমে তল্লাশি চালিয়ে শাপলা খাতুনের পরিহিত পোশাকের কোচর থেকে সাদা পলিথিনে মোড়ানো ১৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়।

পুলিশ সূত্রে আরও জানা যায়, গ্রেফতার শাপলা খাতুন পলাতক রাসেল আলীর স্ত্রী। অভিযানের সময় রাসেল আলী পালিয়ে যেতে সক্ষম হয়। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় শাপলা খাতুন ও পলাতক রাসেল আলীর বিরুদ্ধে চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে এবং মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।