মিয়ানমারের সেনাপ্রধান পদত্যাগ: রাষ্ট্রপতি হওয়ার পথে

১৫ বছরের সামরিক নেতৃত্বের ইতি, বিশ্বস্ত উত্তরসূরিকে দায়িত্ব দিয়ে রাজনৈতিক রূপান্তরের সূচনা
বিশ্ব ডেস্ক: মিয়ানমারের সামরিক জান্তা প্রধান সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং সোমবার (৩০ মার্চ) সেনাবাহিনীর প্রধান পদ থেকে পদত্যাগ করেছেন। তিনি এখন দেশের রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন।
রয়টার্স জানায়, নায়পিদাওয়ে এক অনুষ্ঠানে মিন অং হ্লাইং তাঁর দায়িত্ব নতুন সেনাপ্রধান Ye Win-কে হস্তান্তর করেছেন। ২০২১ সালের অভ্যুত্থানের পর থেকে দেশ শাসন করা এই ৬৯ বছর বয়সী জেনারেল এখন নিম্নকক্ষে উপ-রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন।
নিম্নকক্ষ ও উচ্চকক্ষ থেকে মনোনীত তিন উপ-রাষ্ট্রপতি প্রার্থীর মধ্য থেকে পরবর্তীতে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। চূড়ান্ত ভোটের তারিখ এখনও ঘোষণা হয়নি।
বিশ্বস্ত উত্তরসূরিকে দায়িত্ব
নতুন সেনাপ্রধান ইয়ে উইন ২০২০ সালে গোয়েন্দা প্রধান নিযুক্ত হন। চলতি মাসের শুরুতে তাঁকে সেনাবাহিনীর প্রধান করা হয়। স্বাধীন বিশ্লেষক Aung Kyaw So বলেছেন, “দুই মাসের মধ্যে দুটি গুরুত্বপূর্ণ পদোন্নতি স্পষ্ট করে দিয়েছে যে তিনি মিন অং হ্লাইংয়ের সবচেয়ে বিশ্বস্ত অনুগতদের একজন।”
পদত্যাগ অনুষ্ঠানে মিন অং হ্লাইং বলেন, “আমি জনগণের স্বার্থ, সেনাবাহিনীর স্বার্থ এবং দেশের জাতীয় স্বার্থে কাজ করে যাব।”
২০২১ সালের অভ্যুত্থানের পর মিয়ানমারে গৃহযুদ্ধ চলমান। গত ডিসেম্বর-জানুয়ারিতে অনুষ্ঠিত বিতর্কিত নির্বাচনে সামরিক সমর্থিত দল জয়ী হয়। জাতিসংঘ ও পশ্চিমা দেশগুলো এই নির্বাচনকে প্রহসন বলে প্রত্যাখ্যান করেছে।
বিশ্লেষকরা মনে করছেন, সেনাপ্রধানের পদ ছেড়ে রাষ্ট্রপতি হওয়ার মাধ্যমে মিন অং হ্লাইং সামরিক শাসনকে আনুষ্ঠানিক রাজনৈতিক বৈধতা দেওয়ার চেষ্টা করছেন। তবে এ পদক্ষেপ দেশের অভ্যন্তরীণ সংঘাত আরও জটিল করতে পারে।
সূত্র: রয়টার্স, মিয়ানমার সামরিক বাহিনীর সরকারি তথ্য।






