পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র-ইরান সংলাপের পথ উন্মুক্ত

ইরান ইস্যুতে নরম ট্রাম্প: পাকিস্তানের মধ্যস্থতায় সম্ভাব্য আলোচনা।
বিশ্ব ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বর্তমান নেতৃত্বকে ‘যথেষ্ট যুক্তিসংগত’ বলে মন্তব্য করেছেন, যা চলমান সংঘাতের প্রেক্ষাপটে নতুন কূটনৈতিক ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। একই সময়ে পাকিস্তান ইরান-যুক্তরাষ্ট্র সংলাপ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে।
আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ট্রাম্প জানিয়েছেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সরাসরি ও পরোক্ষ যোগাযোগ অব্যাহত রয়েছে। তিনি দাবি করেন, চলমান সংঘাতের ফলে ইরানে কার্যত শাসন কাঠামোর পরিবর্তন এসেছে এবং নতুন নেতৃত্বের সঙ্গে যুক্তরাষ্ট্র তুলনামূলকভাবে ‘যুক্তিসংগত’ আচরণ পাচ্ছে। যদিও ইরান-এর পক্ষ থেকে একই সঙ্গে সতর্ক করে বলা হয়েছে, জাতীয় মর্যাদার প্রশ্নে কোনো ধরনের চাপ বা অপমান মেনে নেওয়া হবে না।
আঞ্চলিক বৈঠকে পাকিস্তানের সক্রিয়তা
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানিয়েছেন, ইসলামাবাদে অনুষ্ঠিত এক বৈঠকে মিশর, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীরা যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। বৈঠকে সংঘাত নিরসনে কূটনৈতিক পথ খোঁজার ওপর জোর দেওয়া হয়।
তিনি বলেন, পাকিস্তান আগামী কয়েক দিনের মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অর্থবহ আলোচনা আয়োজন করতে প্রস্তুত। “দুই পক্ষের মধ্যে সংলাপ সহজ করতে পারলে সেটিকে আমরা সম্মানের বিষয় হিসেবে দেখব,”—যোগ করেন তিনি।
এক মাসের যুদ্ধে বাড়ছে চাপ
প্রায় এক মাস ধরে চলমান এই সংঘাতে সামরিক ও কূটনৈতিক চাপ একসঙ্গে বাড়ছে। যুক্তরাষ্ট্র অতিরিক্ত সেনা মোতায়েন জোরদার করছে, অন্যদিকে ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অবরোধের হুমকি দিয়ে যাচ্ছে।
বিশ্লেষকদের মতে, ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য শান্তি আলোচনার সম্ভাবনা উন্মুক্ত করলেও পরিস্থিতি এখনও অত্যন্ত সংবেদনশীল। যেকোনো সময় উত্তেজনা নতুন মাত্রা পেতে পারে।
বিশেষজ্ঞদের ধারণা, পাকিস্তানের এই মধ্যস্থতা উদ্যোগ উপসাগরীয় অঞ্চলে স্থিতিশীলতা ফিরিয়ে আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে তেহরানের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না আসা পর্যন্ত কূটনৈতিক অগ্রগতির বাস্তবতা স্পষ্ট হবে না।
সূত্র: রয়টার্স, আল জাজিরা, বিবিসি।






