প্রিপেইড মিটারে মাসিক চার্জ থাকছে না: বিদ্যুৎমন্ত্রী

গ্রাহক অসন্তোষের পর সরকারের সিদ্ধান্ত
টুইট ডেস্ক: বিদ্যুৎ গ্রাহকদের দীর্ঘদিনের অভিযোগের পর প্রিপেইড মিটারের মাসিক ভাড়া বা মিটার চার্জ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিষয়টি জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
রোববার (২৯ মার্চ) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, প্রিপেইড মিটারের চার্জ নিয়ে গ্রাহকদের মধ্যে অসন্তোষ ছিল। বিষয়টি পর্যবেক্ষণের পর গ্রাহকবান্ধব সেবা নিশ্চিত করতে দ্রুতই এই চার্জ পদ্ধতি তুলে দেওয়া হবে।
বর্তমানে প্রিপেইড মিটার ব্যবহারকারী গ্রাহকদের প্রতি মাসে নির্দিষ্ট একটি অর্থ মিটার ভাড়া হিসেবে দিতে হয়। তবে অনেক গ্রাহক দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছিলেন, মিটারের দাম ওঠার পরও বছরের পর বছর এই চার্জ নেওয়া হচ্ছে।
এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন নাগরিক সংগঠনের পক্ষ থেকেও মিটার চার্জ প্রত্যাহারের দাবি জোরালো হয়ে উঠেছিল। সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে গ্রাহকদের দীর্ঘদিনের ভোগান্তির অবসান হবে বলে মনে করা হচ্ছে।






