বৌভাতে নাতনিকে পাল্লায় তুলে সমান ওজনের কয়েন উপহার দিলেন নানা

প্রয়াত স্ত্রীর ইচ্ছা পূরণে ব্যতিক্রমী আয়োজন
টুইট ডেস্ক: বগুড়া-এ বৌভাতের অনুষ্ঠানে নাতনিকে দাঁড়িপাল্লায় তুলে তার সমান ওজনের কয়েন উপহার দিয়ে আলোড়ন সৃষ্টি করেছেন নানা আবদুল কাদের প্রামাণিক।
গত শুক্রবার রাতে শহরের ঠনঠনিয়া দক্ষিণপাড়ায় এ ব্যতিক্রমী ঘটনা ঘটে। একটি বড় দাঁড়িপাল্লার একপাশে নববধূ নাইমা বেগমকে বসানো হয় এবং অন্যপাশে রাখা হয় জমানো ধাতব মুদ্রা। পরিমাপে দেখা যায়, কয়েনগুলোর মোট ওজন দাঁড়ায় ৭০ কেজি ৩০০ গ্রাম।
জানা যায়, আবদুল কাদের প্রামাণিকের প্রয়াত স্ত্রী পাতা বেগমের দীর্ঘদিনের ইচ্ছা ছিল নাতনির বিয়েতে তার সমান ওজনের কয়েন উপহার দেওয়া। প্রায় ১০ বছর ধরে মাটির ব্যাংকে পাঁচ টাকার কয়েন জমিয়ে সেই স্বপ্ন পূরণের চেষ্টা চালিয়ে যান তারা। তবে ইচ্ছা পূরণের আগেই মারা যান পাতা বেগম। এরপরও তার স্মৃতি ধরে রাখতে কয়েন সঞ্চয় অব্যাহত রাখেন কাদের প্রামাণিক।
দেড় বছর আগে নাইমা বেগমের বিয়ে হলেও তখন পর্যাপ্ত কয়েন জমা না হওয়ায় অনুষ্ঠানটি করা সম্ভব হয়নি। পরে বৌভাতের আয়োজন করে এই বিশেষ উপহার দেওয়া হয়।
এ দৃশ্য দেখতে আত্মীয়-স্বজন ছাড়াও স্থানীয় মানুষের ভিড় জমে। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।
নববধূ নাইমা বেগম জানান, নানার এমন ব্যতিক্রমী উপহারে তিনি ও তার পরিবার অত্যন্ত আনন্দিত। তার নানি বেঁচে থাকলে আরও বেশি খুশি হতেন বলেও জানান তিনি।






