ভ্যাট অব্যাহতি পেয়েও শর্ত মানেনি ইউনূসের গ্রামীণ ডিস্ট্রিবিউশন

তদন্তে শর্ত ভঙ্গের প্রমাণ
টুইট ডেস্ক: দেশে উৎপাদনমুখী প্রতিষ্ঠানকে উৎসাহিত করতে সরকার বিভিন্ন খাতে ভ্যাট অব্যাহতি সুবিধা দিয়ে আসছে। এর ধারাবাহিকতায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) মোবাইল ফোন উৎপাদন খাতে বিভিন্ন প্রতিষ্ঠানকে এ সুবিধা দেয়।
এমনই একটি প্রতিষ্ঠান মুহাম্মদ ইউনূস-এর গ্রামীণ ডিস্ট্রিবিউশন লিমিটেড। প্রতিষ্ঠানটিকে ৫০ শতাংশ ব্যাটারি ও চার্জার উৎপাদনের শর্তে ভ্যাট অব্যাহতি দেওয়া হলেও তারা সেই শর্ত পূরণ করেনি। বরং উৎপাদনের পরিবর্তে এসব পণ্য আমদানি অব্যাহত রেখেছে।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও এনবিআরের সমন্বয়ে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে গ্রামীণ ডিস্ট্রিবিউশনের বিরুদ্ধে শর্ত ভঙ্গের প্রমাণ পাওয়া গেছে। তবে এ বিষয়ে এখনো এনবিআরের দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সূত্র জানায়, ২০০৯ সালে যাত্রা শুরু করা গ্রামীণ ডিস্ট্রিবিউশন বর্তমানে জিডিএল, জিটিই ও বেনকো ব্র্যান্ডে মোবাইল উৎপাদন করছে। পাশাপাশি লাভা ও ইনফিনিক্স ব্র্যান্ডের হ্যান্ডসেট বাজারজাত করছে। ২০১৯ সাল থেকে প্রতিষ্ঠানটি ভ্যাট অব্যাহতির সুবিধা ভোগ করছে এবং ২০২৩ সালে নতুন শর্তে এই সুবিধা নবায়ন করা হয়।
নতুন শর্ত অনুযায়ী, স্মার্টফোনের পিসিবি, চার্জার ও ব্যাটারির অন্তত ৫০ শতাংশ নিজস্বভাবে উৎপাদনের সক্ষমতা থাকতে হবে। পাশাপাশি উৎপাদন ইউনিট নিজস্ব কারখানায় থাকতে হবে। তবে তদন্ত কমিটি সরেজমিনে এসব উৎপাদনের কোনো প্রমাণ পায়নি।
এ বিষয়ে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।
তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ভ্যাট অব্যাহতি প্রদানের ক্ষেত্রে এনবিআরের নীতিগত কিছু অস্পষ্টতা ছিল, যা এখন সংস্থাটির জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে। বর্তমানে তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কমপ্লায়েন্স যাচাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।
অন্যদিকে, গ্রামীণ ডিস্ট্রিবিউশনের ব্যবস্থাপনা পরিচালক জহুরুল হক বিপ্লব দাবি করেছেন, তদন্ত প্রতিবেদনে অসামঞ্জস্য রয়েছে। তার মতে, উৎপাদনের হিসাব বছরভিত্তিক না করে মাসভিত্তিক করায় বিভ্রান্তি তৈরি হয়েছে এবং অনুমাননির্ভর তথ্যের ভিত্তিতে নেতিবাচক প্রতিবেদন দেওয়া হয়েছে।






