বিশ্বের ইন্টারনেট ব্যবস্থা অকেজো করে দেওয়ার হুমকি ইরানের

লোহিত সাগরের সাবমেরিন ক্যাবল ঘিরে উদ্বেগ
টুইট ডেস্ক: লোহিত সাগরের নিচ দিয়ে যাওয়া ইন্টারনেট ক্যাবল কেটে দেওয়ার হুমকি দিয়েছে ইরান-এমন খবর প্রকাশ পেয়েছে। উপসাগরীয় দেশগুলোতে মার্কিন সেনা মোতায়েন অব্যাহত থাকলে এই পদক্ষেপ নেওয়া হতে পারে বলে জানা গেছে। তবে এখনো ইরানের কোনো সরকারি কর্মকর্তা বা বড় গোয়েন্দা সংস্থা বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।
লেবানিজ-অস্ট্রেলিয়ান উদ্যোক্তা মারিও নাওফাল সামাজিক যোগাযোগমাধ্যম X-এ এক পোস্টে দাবি করেন, উপসাগরীয় অঞ্চলে মার্কিন উপস্থিতি বজায় থাকলে ইরান সমুদ্রের তার কেটে দেওয়ার হুমকি দিচ্ছে। তিনি জানান, এসব ক্যাবল বৈশ্বিক ইন্টারনেট ট্র্যাফিকের প্রায় ১৭ শতাংশ বহন করে, যার সঙ্গে Amazon, Microsoft এবং Google-সমর্থিত সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের কৃত্রিম বুদ্ধিমত্তা কেন্দ্রগুলোর সংযোগ রয়েছে। এসব ক্যাবল ক্ষতিগ্রস্ত হলে দীর্ঘ সময় ধরে বৈশ্বিক ইন্টারনেট ব্যবস্থায় বড় ধরনের বিপর্যয় দেখা দিতে পারে।
এদিকে, লোহিত সাগরের তলদেশে বিস্তৃত ফাইবার অপটিক ক্যাবলগুলো আঞ্চলিক ইন্টারনেট ট্র্যাফিকের প্রায় ৩০ শতাংশ বহন করে এবং এশিয়া, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের মধ্যে গুরুত্বপূর্ণ সংযোগ স্থাপন করে। আন্তর্জাতিক আর্থিক লেনদেন, ক্লাউড সেবা, ভিডিও কল, ইমেইল এবং কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর কার্যক্রম ব্যাপকভাবে এই অবকাঠামোর ওপর নির্ভরশীল।
অন্যদিকে, সাবমেরিন ক্যাবল স্থাপনার দায়িত্বে থাকা ফরাসি প্রতিষ্ঠান Alcatel Submarine Networks তাদের গ্রাহকদের ‘ফোর্স ম্যাজিউর’ নোটিশ পাঠিয়েছে। Bloomberg-এর প্রতিবেদন অনুযায়ী, প্রতিষ্ঠানটির জাহাজ ‘ইল দ্য বাৎজ’ সৌদি আরবের দাম্মাম উপকূলে আটকে রয়েছে। এছাড়া Meta-ও এই মাসের শুরুতে সমুদ্রের ক্যাবলে কাজ বন্ধ করে দিয়েছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া






