ভুয়া ফটোকার্ডে সতর্কতা: হানিফ সংকেত

এআই অপব্যবহার নিয়ে উদ্বেগ, যাচাই ছাড়া শেয়ার না করার আহ্বান।
টুইট ডেস্ক: দেশের জনপ্রিয় উপস্থাপক হানিফ সংকেত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভুয়া ফটোকার্ড নিয়ে কঠোর সতর্কবার্তা দিয়েছেন।
সম্প্রতি তার নাম ও উপস্থাপনা শৈলী নকল করে রাজনীতিবিষয়ক বিভিন্ন বক্তব্যযুক্ত ফটোকার্ড প্রচার হওয়ায় বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।
শনিবার (২৬ মার্চ) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে হানিফ সংকেত স্পষ্টভাবে জানান, এসব ফটোকার্ডের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। তিনি বলেন, দীর্ঘদিন ধরেই তিনি দর্শকদের সত্যতা যাচাই করে তথ্য গ্রহণ ও প্রচারের আহ্বান জানিয়ে আসছেন।
কিন্তু সাম্প্রতিক সময়ে যাচাই-বাছাই ছাড়াই অনেকেই এসব ভুয়া ফটোকার্ড শেয়ার করছেন, যা উদ্বেগজনক।
পোস্টে তিনি উল্লেখ করেন, ‘আমার উপস্থাপনা শৈলীর অনুকরণে ছন্দবদ্ধভাবে লেখা হলেও এসব বক্তব্য আমার নয়।’ এ ধরনের বিভ্রান্তিকর কনটেন্ট ছড়ানো শুধু অনৈতিক নয়, বরং সামাজিকভাবে ক্ষতিকর বলেও মন্তব্য করেন তিনি।
চার দশকের বেশি সময় ধরে গণমাধ্যমে সক্রিয় এই উপস্থাপক জানান, তিনি সবসময় রাজনৈতিক সংশ্লিষ্টতার বাইরে থেকে নিরপেক্ষতা বজায় রেখে কাজ করে আসছেন।
তার প্রকৃত বক্তব্য বা মতামত কেবল তার ভেরিফায়েড সামাজিক মাধ্যম কিংবা স্বীকৃত গণমাধ্যমেই প্রকাশিত হয়।
প্রযুক্তির দ্রুত বিকাশের এই সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার বাড়ছে বলেও সতর্ক করেন হানিফ সংকেত। তিনি বলেন, অজানা বা অখ্যাত উৎস থেকে আসা তথ্য যাচাই না করে বিশ্বাস বা প্রচার করলে বিভ্রান্তি আরও বাড়বে।
সর্বশেষে তিনি সবার প্রতি আহ্বান জানান, সচেতন থেকে তথ্য যাচাই করে তবেই শেয়ার করতে যেন মিথ্যা তথ্যের বিস্তার রোধ করা সম্ভব হয়।






