যুদ্ধবিরোধী বার্তায় ‘ত্রিংশ শতাব্দী’ মঞ্চে

ইতিহাসের নির্মমতা তুলে ধরে মানবতার প্রশ্নে দাঁড় করাবে নাটক

টুইট ডেস্ক: স্বাধীনতা ও জাতীয় দিবস এবং বিশ্ব নাট্য দিবস উপলক্ষে আজ (শুক্রবার) সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার মঞ্চে প্রদর্শিত হবে নাট্যসংগঠন স্বপ্নদলের বহুল আলোচিত প্রযোজনা ‘ত্রিংশ শতাব্দী’।

একইসঙ্গে থাকছে বিশেষ সম্মাননা প্রদান অনুষ্ঠান, যা সাংস্কৃতিক অঙ্গনে বাড়তি গুরুত্ব বহন করছে।

আয়োজক সূত্র জানায়, সন্ধ্যা ৭টায় শুরু হওয়া এ আয়োজন কেবল নাট্য মঞ্চায়নেই সীমাবদ্ধ নয়; এটি সমসাময়িক বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির বিরুদ্ধে এক প্রতীকী সাংস্কৃতিক প্রতিবাদ হিসেবেও বিবেচিত হচ্ছে।

বিশেষ করে ইরানকে ঘিরে চলমান আন্তর্জাতিক উত্তেজনার প্রেক্ষাপটে নাটকটির বার্তা নতুন মাত্রা পেয়েছে।

বাদল সরকারের মূল ভাবনা থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত ‘ত্রিংশ শতাব্দী’ প্রযোজনাটি রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন।

প্রযোজনাটিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিরোশিমা-নাগাসাকিতে আণবিক বোমা বিস্ফোরণের ভয়াবহতা কেন্দ্র করে মানবসভ্যতার অন্ধকার অধ্যায় তুলে ধরা হয়েছে।

একইসঙ্গে বাংলাদেশের মুক্তিযুদ্ধসহ বিশ্বের বিভিন্ন সংঘাত বসনিয়া, ফিলিস্তিন, আফগানিস্তান, ইউক্রেনসহ নানা প্রেক্ষাপট নাটকে সমান্তরালে উঠে এসেছে।

নাট্যবিশ্লেষকদের মতে, প্রযোজনাটি কেবল ইতিহাসের পুনরাবৃত্তি নয়; বরং বর্তমান বিশ্ব রাজনীতির অস্থিরতা ও মানবিক বিপর্যয়ের একটি শক্তিশালী প্রতিফলন।

বহুমাত্রিক উপস্থাপনায় যুদ্ধ, গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের তাৎক্ষণিক এবং সুদূরপ্রসারী প্রভাব দর্শকের সামনে উন্মোচিত করা হয়েছে।

অনুষ্ঠানের শেষপর্বে অস্ট্রেলিয়ার রাষ্ট্রীয় সম্মাননা ‘মেডাল অব দ্য অর্ডার অব অস্ট্রেলিয়া’ প্রাপ্ত নাট্যব্যক্তিত্ব কামরুজ্জামান বালার্ককে সম্মাননা জানাবে স্বপ্নদল।

টোকিওপ্রবাসী চিত্রশিল্পী কামরুল হাসান লিপু প্রধান অতিথি হিসেবে এ সম্মাননা তুলে দেবেন।

উল্লেখ্য, ‘ত্রিংশ শতাব্দী’ ইতোমধ্যে দেশ বিদেশে প্রশংসা কুড়িয়েছে এবং আজকের প্রদর্শনীটি এর ১২৮তম মঞ্চায়ন।

নাট্যদলটি জানায়, দর্শকের মধ্যে মানবিক দায়বদ্ধতা জাগ্রত করা এবং যুদ্ধবিরোধী সচেতনতা তৈরিই এ প্রযোজনার মূল লক্ষ্য।