খাগড়াছড়িতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা

পানছড়িতে সশস্ত্র হামলা; কাছ থেকে গুলি, হাসপাতালে নেওয়ার পর মৃত্যু
টুইট ডেস্ক: খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় নীতি দত্ত চাকমা (৪৫) নামে ইউপিডিএফ (গণতান্ত্রিক) এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (২৭ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার সুতাকর্মপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নীতি দত্ত চাকমা ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর পানছড়ি উপজেলা সংগঠক ছিলেন। তিনি উপজেলার উত্তর শান্তিপুর এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে একটি দোকানে বসে থাকা অবস্থায় কয়েকজন সশস্ত্র দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি ইউপিডিএফ (গণতান্ত্রিক) নেতৃত্ব। সংগঠনটির পক্ষ থেকে পরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে জানা গেছে।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ জানান, মরদেহ হাসপাতালেই রয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউপিডিএফ (প্রসীত), ইউপিডিএফ (গণতান্ত্রিক) ও জনসংহতি সমিতির (সন্তু গ্রুপ) মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটছে।






