দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক: জ্বালানিমন্ত্রী

অতিরিক্ত চাহিদা ও কালোবাজারির অভিযোগ; তিন লাখ মেট্রিক টন ডিজেল আমদানির অনুমোদন

টুইট ডেস্ক: বাংলাদেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তবে কালোবাজারিরা তেল মজুত করে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি।

শুক্রবার (২৭ মার্চ) সকালে সিরাজগঞ্জের সয়দাবাদ এলাকায় ৬৮ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

জ্বালানিমন্ত্রী বলেন, ইরান যুদ্ধ পরিস্থিতির কারণে হঠাৎ করে মানুষ বেশি তেল সংগ্রহের চেষ্টা করছে। ফলে আগে যেখানে একটি পেট্রোল পাম্পে দিনে এক লরি তেল বিক্রি হতো, এখন তা দুই-তিন ঘণ্টার মধ্যেই শেষ হয়ে যাচ্ছে। এতে পাম্পগুলো সাময়িকভাবে বন্ধ হয়ে পড়ছে।

তিনি আরও জানান, তেলের সরবরাহে ঘাটতি নেই, তবে চাহিদা বেড়ে যাওয়ার পেছনে কালোবাজারি ও অনিয়মের প্রভাব রয়েছে। এ বিষয়ে সারা দেশের জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের মনিটরিং জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, দেশের জরুরি জ্বালানি চাহিদা পূরণে তিন লাখ মেট্রিক টন ডিজেল আমদানির নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

সরকারি সূত্র জানায়, বৈশ্বিক ভূরাজনৈতিক অস্থিতিশীলতার প্রেক্ষাপটে সম্ভাব্য চাপ মোকাবিলায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। আন্তর্জাতিক ক্রয় প্রক্রিয়ার মাধ্যমে এপি এনার্জি ইনভেস্টমেন্টস লিমিটেড থেকে এক লাখ মেট্রিক টন এবং সুপারস্টার ইন্টারন্যাশনাল (গ্রুপ) লিমিটেড থেকে দুই লাখ মেট্রিক টন ডিজেল আমদানি করা হবে।