ওয়াজের পাশাপাশি কীর্তন-বাউল গানও হবে: রুমিন ফারহানা

সাম্প্রদায়িক সম্প্রীতি ও সংস্কৃতি রক্ষায় জোর; মাজার ভাঙচুর ও সাংস্কৃতিক বাধার সমালোচনা
টুইট ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, তার এলাকায় ধর্মীয় ওয়াজ মাহফিলের পাশাপাশি কীর্তন ও বাউল গানের আয়োজনও সমানভাবে চলবে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে আশুগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নে আধ্যাত্মিক সাধক আব্দুল কাদির শাহ (রহ.)-এর ৫৮তম স্মরণোৎসব ও বার্ষিক ওরস উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
বক্তব্যের শুরুতেই সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে মাজার ও সাংস্কৃতিক অনুষ্ঠানে হামলার তীব্র সমালোচনা করেন রুমিন ফারহানা। তিনি বলেন, গত কিছু সময়ে একের পর এক মাজার ভাঙচুর, বাউল গানের আসরে বাধা এবং শিল্পীদের হয়রানির ঘটনা ঘটেছে। এসব ঘটনার প্রতিবাদ তিনি ধারাবাহিকভাবে করেছেন বলেও জানান।
সংস্কৃতি রক্ষায় নিজের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, যতদিন তিনি এই এলাকার দায়িত্বে থাকবেন, ততদিন ধর্মীয় আয়োজনের পাশাপাশি কীর্তন ও বাউল গানের মতো সাংস্কৃতিক চর্চাও অব্যাহত থাকবে।
নতুন প্রজন্মের কাছে দেশীয় সংস্কৃতি পৌঁছে দেওয়ার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশের কৃষ্টি-সংস্কৃতি লালন ও সংরক্ষণ করা সবার দায়িত্ব। বাউল গান ও মাজারভিত্তিক সংস্কৃতিও দেশের ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ।






