সৌদি আরবে মার্কিন ঘাঁটিতে বিস্ফোরণের দাবি

ড্রোন হামলার অভিযোগ; একাধিক ঘাঁটি ধ্বংসের দাবি ইরানের, অস্বীকার পেন্টাগনের

টুইট ডেস্ক: সৌদি আরবে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে দাবি করা হয়েছে। ইরানের আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সির বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের পূর্বাঞ্চলের প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে ড্রোন হামলার ঘটনা ঘটেছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে উল্লেখ করা হয়েছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) সংশ্লিষ্ট সূত্রগুলো এ হামলার পেছনে নিজেদের ভূমিকার ইঙ্গিত দিয়েছে।

নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরান উপসাগরীয় অঞ্চলে ১৩টি সামরিক ঘাঁটি ধ্বংস করেছে। এর মধ্যে কুয়েতের পোর্ট শুয়াইবা, আলি আল সালেম বিমানঘাঁটি এবং বুয়েরিং সামরিক স্থাপনা উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানানো হয়।

এছাড়া কাতারের আল উদেইদ বিমানঘাঁটির গুরুত্বপূর্ণ রাডার ব্যবস্থা ধ্বংস এবং বাহরাইনে মার্কিন নৌবাহিনীর ফিফথ ফ্লিটের সদর দপ্তরে হামলার কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে এসব দাবিকে ‘ভিত্তিহীন’ বলে বারবার প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। তাদের মতে, ইরানের পক্ষ থেকে প্রচারিত তথ্যের সঙ্গে বাস্তবতার মিল নেই।

উল্লেখ্য, চলমান আঞ্চলিক উত্তেজনার মধ্যে উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে ধারাবাহিক হামলার অভিযোগ উঠছে। তবে সর্বশেষ ঘটনার বিষয়ে এখনো যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান