ভিয়েতনামকে হারিয়ে এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের স্বর্ণ

পুরুষ কম্পাউন্ডে ২৩১-২২৫ ব্যবধানে জয়; সেমিতে ভুটান, কোয়ার্টারে মালয়েশিয়াকে হারায় লাল-সবুজ দল

টুইট ডেস্ক: এশিয়া কাপ আর্চারিতে পুরুষ কম্পাউন্ড বিভাগে দুর্দান্ত পারফরম্যান্সে স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ। ফাইনালে ভিয়েতনামকে ২৩১-২২৫ স্কোরে হারিয়ে এই সাফল্য পায় হিমু বাছাড়, ঐশ্বর্য রহমান ও নেওয়াজ আহমেদের দল।

এর আগে কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়াকে হারিয়ে সেমিফাইনালে ওঠে বাংলাদেশ। সেমিফাইনালে ভুটানকে ২৩২-২২৮ ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে লাল-সবুজ প্রতিনিধিরা।

পুরুষ কম্পাউন্ড দলের গড় স্কোর ছিল ৯.৬২, যা তাদের ধারাবাহিক পারফরম্যান্সের প্রমাণ। থাইল্যান্ডে অনুষ্ঠিত এই আসরে বাংলাদেশ থেকে মোট ১০ জন আর্চার অংশ নেন।

তবে সব বিভাগে সাফল্য আসেনি বাংলাদেশের। কম্পাউন্ড নারী দল সেমিফাইনালে ওঠার লড়াইয়ে থাইল্যান্ডের কাছে ২৩০-২২৯ ব্যবধানে হেরে বিদায় নেয়। এছাড়া রিকার্ভ পুরুষ দলও কোয়ার্টার ফাইনাল থেকেই ছিটকে পড়ে।