চট্টগ্রাম বন্দরে আসছে প্রায় ১ লাখ ৯৩ হাজার টন এলএনজি

মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যেই পাঁচ দিনে তিন জাহাজ; একটি পৌঁছেছে কুতুবদিয়ায়, বাকি দুটি পথে

টুইট ডেস্ক: মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেই পাঁচ দিনের ব্যবধানে প্রায় দুই লাখ টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়ছে তিনটি জাহাজ। সব মিলিয়ে আসছে প্রায় ১ লাখ ৯৩ হাজার টন এলএনজি।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, অস্ট্রেলিয়া থেকে ৬১ হাজার ৯৯৭ টন এলএনজি বহনকারী ‘এইচএল পাফিন’ ট্যাংকারটি ইতোমধ্যে কুতুবদিয়া উপকূলে পৌঁছেছে।

এছাড়া ইন্দোনেশিয়া থেকে ৬১ হাজার টন এলএনজি নিয়ে ‘নিউ ব্রেভ’ এবং যুক্তরাষ্ট্র থেকে প্রায় ৭০ হাজার টন এলএনজি বহনকারী ‘সেলসিয়াস গ্যালাপাগোস’ নামের আরও দুটি জাহাজ নির্ধারিত সময় অনুযায়ী আগামী বুধবারের মধ্যে বন্দরে ভিড়বে।

জাহাজ দুটির স্থানীয় শিপিং এজেন্ট ইউনি গ্লোবাল বিজনেস লিমিটেডের জ্যেষ্ঠ উপমহাব্যবস্থাপক মো. নুরুল আলম জানিয়েছেন, বর্তমান সূচি অনুযায়ী ট্যাংকার দুটি সময়মতো পৌঁছাবে বলেই আশা করা হচ্ছে।

বর্তমান বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে এই এলএনজি সরবরাহ দেশের জ্বালানি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।