কক্সবাজারে চলচ্চিত্র উৎসবের পর্দা উঠছে আজ

সমুদ্রতীরে দুই দিনের আয়োজনে দেশীয় সিনেমার বৈচিত্র্য, নতুন নির্মাতাদের সুযোগ।
টুইট ডেস্ক: আজ ২৭ মার্চ থেকে কক্সবাজারে শুরু হচ্ছে দুই দিনব্যাপী প্রথম চলচ্চিত্র উৎসব। সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে উন্মুক্ত মঞ্চে আয়োজিত এই উৎসবে দেশীয় চলচ্চিত্রের পাশাপাশি একটি ইংরেজি ভাষার সিনেমা ও একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে।
কক্সবাজার ফিল্ম ক্লাবের উদ্যোগে আয়োজিত এই উৎসবের উদ্বোধন বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করবেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান। উদ্বোধনী দিনে প্রথমে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শনের মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হবে।
আয়োজকদের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রথম দিনে প্রদর্শিত হবে বন্ধন বিশ্বাস পরিচালিত ‘ছায়াবৃক্ষ’, অপূর্ব রানা পরিচালিত ‘জলরং’ এবং বড়ুয়া সুনন্দা কাকন পরিচালিত ইংরেজি ভাষার চলচ্চিত্র ‘ডট’।
দ্বিতীয় দিন ২৮ মার্চ সমাপনী আয়োজনে থাকছে সবুজ খান পরিচালিত ‘বেহুলা দরদী’, মোস্তাফিজুর রহমান বাবুর ‘ময়নার চর’ এবং তানভীর হাসানের ‘মধ্যবিত্ত’।
উৎসব সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রতিদিন সন্ধ্যায় তিনটি করে চলচ্চিত্র প্রদর্শিত হবে এবং পুরো আয়োজনটি সবার জন্য উন্মুক্ত থাকবে। সমুদ্রতীরের খোলা আকাশের নিচে বড় পর্দায় চলচ্চিত্র দেখার অভিজ্ঞতাকে দর্শকদের কাছে ভিন্ন মাত্রায় উপস্থাপন করাই এই আয়োজনের অন্যতম আকর্ষণ।
কক্সবাজার ফিল্ম ক্লাবের সভাপতি মোহাম্মদ সেলিম বলেন, এই উৎসবের মূল লক্ষ্য হলো চলচ্চিত্রের মাধ্যমে সমাজ, মানুষের অনুভূতি এবং সময়ের বাস্তবতা তুলে ধরা। একই সঙ্গে নতুন নির্মাতাদের জন্য একটি কার্যকর মঞ্চ তৈরি করাও এ উদ্যোগের গুরুত্বপূর্ণ দিক।
তিনি আরও বলেন, বর্তমান সময়ে মোবাইলনির্ভর ছোট পর্দার বাইরে এসে দর্শকদের আবার বড় পর্দার অভিজ্ঞতায় ফিরিয়ে আনা প্রয়োজন। সেই চিন্তা থেকেই এই আয়োজন, যা ভবিষ্যতে আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।
উৎসবটি বাস্তবায়নে সহযোগিতা করছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন গণযোগাযোগ অধিদপ্তর, কক্সবাজার জেলা প্রশাসন এবং ঢাকা ফিল্ম ক্লাব। মিডিয়া অংশীদার হিসেবে রয়েছে চ্যানেল এস।
আয়োজকদের প্রত্যাশা, প্রথমবারের মতো আয়োজিত এই চলচ্চিত্র উৎসব কক্সবাজারকে ভবিষ্যতে একটি নিয়মিত সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করতে ভূমিকা রাখবে।






