রফিক-নাসির ঝড়ে লালের দাপট

সানির ঘূর্ণিতে বিধ্বস্ত সবুজ, স্বাধীনতা দিবসের ম্যাচে ১২৩ রানের বড় জয়।
টুইট ডেস্ক: স্বাধীনতা দিবসের আবহে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাবেক তারকাদের মিলনমেলা রঙ ছড়াল ব্যাট বলের লড়াইয়েও। স্মৃতিমাখা প্রীতি ম্যাচে অভিজ্ঞতার ঝলক দেখিয়ে বিসিবি লাল দল তুলে নিয়েছে একতরফা ১২৩ রানের বড় জয়।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ঐতিহ্যবাহী এই আয়োজন প্রতি বছরের মতো এবারও বিশেষ তাৎপর্য বহন করেছে। দেশের ইতিহাসের প্রতীকী সংখ্যা ধারণ করে মাঠে নামে দুই দল,লাল দলের জার্সিতে ‘৭১’ এবং সবুজ দলের গায়ে ‘২৬’।
আবেগ আর প্রতিযোগিতার মিশেলে ম্যাচটি হয়ে ওঠে দর্শকদের জন্য অনন্য উপভোগ্য।টস জিতে আগে ব্যাট করতে নেমে লাল দল শুরুতে ধাক্কা খেলেও দ্রুত ঘুরে দাঁড়ায়।
মেহরাব হোসেন অপি দ্রুত ফিরলেও নাসিরউদ্দিন ফারুক সজীব ও মোহাম্মদ রফিকের ব্যাটে আসে ঝড়। নাসিরউদ্দিন ৫৩ বলে ৮৪ রানের দাপুটে ইনিংস খেলেন,
যেখানে ছিল চার-ছক্কার সমারোহ। রফিক খেলেন মাত্র ২৪ বলে অর্ধশতকের ঝলক, যা ইনিংসের গতি বাড়িয়ে দেয় নাটকীয়ভাবে।
মাঝের দিকে মোহাম্মদ আশরাফুলের ২৫ রান এবং ডলার মাহমুদের ৯ বলে ২৭ রানের ক্যামিও ইনিংস লাল দলের সংগ্রহকে আরও বড় করে তোলে।
নির্ধারিত ওভারে ৫ উইকেটে ২১৩ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় তারা।সবুজ দলের হয়ে বল হাতে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন ফয়সাল হোসেন ডিকেন্স, যিনি নেন ২টি উইকেট।
তবে অন্য বোলাররা ধারাবাহিকতা দেখাতে ব্যর্থ হওয়ায় লাল দলের ব্যাটসম্যানরা সহজেই আধিপত্য বিস্তার করেন।বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে যায় সবুজ দল।
ইলিয়াস সানির ঘূর্ণিতে ব্যাটিং লাইনআপ কার্যত ভেঙে পড়ে। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা দলে একমাত্র প্রতিরোধ গড়েন শাহরিয়ার নাফীস (৩৩) ও আব্দুর রাজ্জাক (১৮)। বাকিরা কেউই উল্লেখযোগ্য অবদান রাখতে পারেননি।
বল হাতে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ইলিয়াস সানি। চার ওভারে মাত্র ২০ রান খরচায় ৫ উইকেট নিয়ে ম্যাচের সেরা পারফরমার হন তিনি। অন্যদিকে ব্যাট হাতে ঝড় তোলার পর বল হাতেও সমান কার্যকর ছিলেন মোহাম্মদ রফিক, ৩.২ ওভারে ১৮ রান দিয়ে নেন ৪টি উইকেট।
অভিজ্ঞতার মঞ্চে এই দাপুটে জয় লাল দলের সমন্বয় ও পারফরম্যান্সেরই প্রতিফলন। স্বাধীনতা দিবসের বিশেষ এই ম্যাচ আবারও প্রমাণ করল,পুরনো তারকারা এখনও মাঠে নামলে উত্তেজনার রেশ কমে না, বরং স্মৃতির সঙ্গে নতুন আনন্দও যোগ হয়।






