পুলিশ সদস্য শিশিরের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সাবেক কনস্টেবল মোহাসিন শিশিরের বিরুদ্ধে চাঁদাবাজি ও মিথ্যা মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একটি সংবাদকে ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর বলে দাবি করেছেন তিনি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মোহাসিন শিশির দীর্ঘদিন রাজশাহী জেলা গোয়েন্দা শাখায় সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। প্রায় দেড় বছর আগে তিনি রাজশাহী থেকে বদলি হয়ে বর্তমানে ঢাকায় কর্মরত রয়েছেন। রাজশাহী জেলা ডিবিতে দায়িত্ব পালনকালে মাদকবিরোধী বিভিন্ন অভিযানে সক্রিয় ভূমিকা রাখার কারণে একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ ছড়াচ্ছে বলে দাবি করা হয়েছে।
জানা যায়, চারঘাট ও গোদাগাড়ী থানাসহ বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে অংশ নিয়ে তিনি একাধিকবার মাদক ব্যবসায়ী ও অপরাধীদের আইনের আওতায় আনেন। এতে ক্ষুব্ধ হয়ে সংশ্লিষ্ট অসাধু চক্র তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ ওঠে।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত সংবাদে উল্লেখ করা হয়েছে, তিনি ডিবির এসআই পরিচয় ব্যবহার করে চাঁদা আদায় করেছেন। তবে এ অভিযোগ সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক বলে দাবি করেছেন মোহাসিন শিশির। দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি কখনো ক্ষমতার অপব্যবহার করেননি বলেও জানান তিনি।
এ বিষয়ে মোহাসিন শিশির বলেন, “দায়িত্ব পালন করতে গিয়ে আমি মাদক ও অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছি। এতে কিছু অসাধু চক্র ক্ষুব্ধ হয়ে আমার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ তুলছে। আমি এসব অভিযোগের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।”
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে অভিযোগে সংবাদ প্রকাশের আগে যথাযথ যাচাই-বাছাই করা প্রয়োজন ছিল। প্রমান ও যাচাই ছাড়াই সংবাদ প্রকাশ করায় বিভ্রান্তি তৈরি হয়েছে এবং পুরো পুলিশ বাহিনী সুনামও ক্ষুন্ন হয়েছে।






