তারাগঞ্জে স্বাধীনতা দিবস উদযাপন

তোপধ্বনি, পুষ্পস্তবক অর্পণ ও কুচকাওয়াজে দিনভর কর্মসূচি!
তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে। দিনব্যাপী নানা আয়োজনে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
বৃহস্পতিবার (২৬ মার্চ) দিবসের প্রথম প্রহরে সকাল ৬টা ১ মিনিটে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। পরে স্থানীয় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অবস্থিত শহীদ স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া এবং এক মিনিট নীরবতা পালন করা হয়।
পরে তারাগঞ্জ সরকারি কলেজ মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজে অংশগ্রহণকারী দলগুলোর শৃঙ্খলা, দেশপ্রেম ও দক্ষতা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
এরপর আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে শিশু-কিশোরদের পরিবেশনায় দেশাত্মবোধক গান, নৃত্য ও আবৃত্তি দিবসের তাৎপর্যকে আরও উজ্জ্বল করে তোলে। বিকেলেও স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোনাব্বর হোসেন। এছাড়া সহকারী কমিশনার (ভূমি) আসমাউল হুসনা, থানা পুলিশের কর্মকর্তাবৃন্দ এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।






