বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী উপস্থিত; সেনা, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রদর্শনী

টুইট ডেস্ক: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে জাতীয় প্যারেড স্কয়ারে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত ছিলেন।

তিন বাহিনীর প্রধান, মন্ত্রিপরিষদের সদস্য, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দেশি-বিদেশি রাষ্ট্রদূতরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনুষ্ঠান সর্বসাধারণের জন্য উন্মুক্ত এবং প্রবেশের জন্য গেট নম্বর ২, ৩, ৪, ১০ ও ১১ নির্ধারণ করা হয়েছে। দর্শনার্থীদের ব্যাগ বহন না করার জন্যও সতর্ক করা হয়েছে।

এদিকে, জাতীয় দিবস উপলক্ষে ভোর ৬টায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সাভারের জাতীয় স্মৃতিসৌধে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তারা নীরবে দাঁড়িয়ে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান। এ সময় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন প্রদান করে। পরে প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদ সদস্যদের সঙ্গে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় এবং নবম পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় আয়োজিত এই কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট ২০০৮ সালের পর প্রথমবার অনুষ্ঠিত হলো।