স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতার শ্রদ্ধা

শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া; সঙ্গে ছিলেন জামায়াত ও বিরোধী জোটের শীর্ষ নেতারা

টুইট ডেস্ক: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৬টার দিকে তিনি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়েছে, রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার অংশ হিসেবেই জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে ডা. শফিকুর রহমান এ শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এমপি, সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইনসহ কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের একাধিক নেতা।