পদ্মায় বাসডুবি: এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার

দৌলতদিয়া ফেরিঘাটে দুর্ঘটনা; উদ্ধার অভিযান অব্যাহত, গঠন করা হয়েছে তদন্ত কমিটি

টুইট ডেস্ক: রাজবাড়ীর দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে বাস ডুবে যাওয়ার ঘটনায় এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। উদ্ধার হওয়া মরদেহগুলোর মধ্যে ২৩ জনের মরদেহ ইতোমধ্যে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল আবারও উদ্ধার অভিযান শুরু করেছে। এর আগে বুধবার (২৫ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাটে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি নদীতে পড়ে উল্টে গেলে স্থানীয়দের সহায়তায় কয়েকজন যাত্রী প্রাণে রক্ষা পান, তবে অনেকেই নদীতে তলিয়ে যান। খবর পেয়ে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’, ফায়ার সার্ভিস, পুলিশ, কোস্ট গার্ড ও সেনাবাহিনী যৌথভাবে উদ্ধারকাজে অংশ নেয়।

এ ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে আহ্বায়ক করে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। আগামী তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে কমিটিকে।