বান্দরবানে স্বাধীনতা দিবসে শহিদদের প্রতি শ্রদ্ধা

মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ, ৩১ বার তোপধ্বনি ও জাতীয় পতাকা উত্তোলন।

অসীম রায় (অশ্বিনী), বান্দরবান: আজ বৃহস্পতিবার (২৬ মার্চ), বান্দরবানে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জেলা পরিষদ প্রাঙ্গণে অবস্থিত মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। সূর্যোদয়ের প্রথম প্রহরে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন জেলার শীর্ষ রাজনৈতিক, প্রশাসনিক ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান-সংসদ সদস্য সাচিং প্রু জেরী। এছাড়া জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, জেলা প্রশাসক মিজ শামিম আরা রিনি এবং পুলিশ সুপার মোঃ আব্দুর রহমান (পিপিএম-বার) সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মান্না দে, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু তালেব, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস. এম. হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. ফয়জুর রহমান এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়া দত্তসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

দিনটির সূচনায় সূর্যোদয়ের সাথে সাথে জেলার সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। একই সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তান শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

আয়োজকরা জানান, স্বাধীনতার চেতনা ধারণ করে দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারাকে আরও শক্তিশালী করার প্রত্যয়ে এ ধরনের কর্মসূচি পালন করা হচ্ছে। দিবসটি উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিও গ্রহণ করা হয়েছে।