নিউজিল্যান্ডকে হারিয়ে হ্যাটট্রিক ট্রফি দ.আফ্রিকার

এস্তেহেইজেনের ঝড়েই শিরোপা নিশ্চিত
হাগলিতে প্রোটিয়াদের হ্যাটট্রিক
টুইট ডেস্ক: নিউজিল্যান্ডের মাটিতে আরেকটি স্মরণীয় অধ্যায় রচনা করল দক্ষিণ আফ্রিকা। সিরিজের শুরুতে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তনে শেষ দুই ম্যাচ জিতে ৩-২ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নিয়েছে প্রোটিয়ারা।
ক্রাইস্টচার্চের হাগলি ওভালে নির্ধারণী পঞ্চম ম্যাচে ৩৩ রানের জয় শুধু সিরিজ নিশ্চিত করেনি, কিউইদের বিপক্ষে তাদের মাটিতে টানা তৃতীয় সিরিজ জয়ের বিরল কীর্তিও গড়েছে সফরকারীরা।
নির্ধারণী ম্যাচে আগে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা গড়ে তোলে ১৮৭ রানের প্রতিযোগিতামূলক সংগ্রহ। শুরুটা কিছুটা ধীরগতির হলেও মধ্য ও শেষ ভাগে ঝড় তোলেন তরুণ ব্যাটার কনর এস্তেহেইজেন।
মাত্র ৩৩ বলে ৭৫ রানের বিস্ফোরক ইনিংসে পাঁচটি চার ও ছয়টি ছক্কায় ম্যাচের গতিপথ পাল্টে দেন তিনি। তার ব্যাটেই শেষ ৫৯ বলে দল পায় ১০৮ রান,যা ম্যাচ জয়ের ভিত্তি গড়ে দেয়।
এস্তেহেইজেনের সঙ্গে গুরুত্বপূর্ণ অবদান রাখেন রুবিন হারমান (৩৯) ও ভিয়ান মুল্ডার (৩১)। তাদের দায়িত্বশীল ব্যাটিংয়ে বড় লক্ষ্য দাঁড় করাতে সক্ষম হয় দক্ষিণ আফ্রিকা।
১৮৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে নিউজিল্যান্ড। মাঝের দিকে বেভন জ্যাকবস ১৯ বলে ৩৬ রান করে লড়াইয়ের আভাস দিলেও অন্য প্রান্তে ব্যর্থতার মিছিল থামেনি।
দলের আর কোনো ব্যাটার ৩০ রানের ঘর ছুঁতে পারেননি। ফলে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৫৪ রানে থেমে যায় স্বাগতিকরা।
বল হাতে দক্ষিণ আফ্রিকার জেরাল্ড কুটসিয়া, ভিয়ান মুল্ডার ও ওটনিল বার্টম্যান দুটি করে উইকেট নিয়ে প্রতিপক্ষকে চাপে রাখেন পুরো ইনিংজ জুড়ে। নিয়ন্ত্রিত বোলিং ও পরিকল্পিত আক্রমণই শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে প্রোটিয়াদের।
পুরো সিরিজজুড়েই ব্যাট হাতে ধারাবাহিক ছিলেন কনর এস্তেহেইজেন। পাঁচ ম্যাচে ২০০ রান করে তিনি জিতেছেন ম্যাচসেরা ও সিরিজসেরার পুরস্কার,যা তাকে ভবিষ্যতের বড় তারকা হিসেবে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছে।
এই সিরিজ জয় দক্ষিণ আফ্রিকার জন্য কেবল একটি শিরোপা নয়, বরং বিদেশের মাটিতে তাদের সাম্প্রতিক ধারাবাহিক সাফল্যের প্রতিফলন।
বিশেষ করে নিউজিল্যান্ডের মতো কঠিন প্রতিপক্ষের বিপক্ষে তাদের মাঠে টানা তিনটি সিরিজ জেতা আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে প্রোটিয়াদের
আধিপত্যেরই প্রমাণ।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা: ২০ ওভারে ১৮৭/৪
নিউজিল্যান্ড: ২০ ওভারে ১৫৪/৮
ফল: দক্ষিণ আফ্রিকা ৩৩ রানে জয়ী
সিরিজ: দক্ষিণ আফ্রিকা ৩-২ ব্যবধানে জয়ী
ম্যাচসেরা ও সিরিজসেরা: কনর এস্তেহেইজেন






