পিএসএল অভিযানে বাংলাদেশ দলীয় শক্তি

মোস্তাফিজকে ঘিরে সবচেয়ে বড় চুক্তি, ধাপে ধাপে যোগ দেবেন বাকি খেলোয়াড়রা।

টুইট ডেস্ক: পাকিস্তান সুপার লিগের (পিএসএল) একাদশ আসর শুরুর প্রাক্কালে বাংলাদেশি ক্রিকেটারদের অংশগ্রহণ নিয়ে বাড়ছে আগ্রহ।

আগামী ২৬ মার্চ পর্দা উঠতে যাওয়া এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে এবার বাংলাদেশ থেকে ছয়জন ক্রিকেটার বিভিন্ন দলে জায়গা পেয়েছেন। ইতোমধ্যে প্রথম ধাপে চারজন ক্রিকেটার ঢাকা ছেড়ে গেছেন।

সোমবার সকালে পিএসএলে অংশ নিতে দেশ ত্যাগ করেছেন মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, পারভেজ হোসেন ইমন ও নাহিদ রানা।

বাকি দুই ক্রিকেটার,রিশাদ হোসেন ও তানজিদ হাসান তামিম,পরবর্তীতে দলে যোগ দেবেন বলে জানা গেছে।

এবারের আসরে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন কাটার দক্ষতায় খ্যাত মোস্তাফিজুর রহমান।

সরাসরি চুক্তিতে প্রায় ছয় কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপিতে তাকে দলে ভিড়িয়েছে লাহোর কালান্দার্স।

একই দলে আছেন তরুণ ব্যাটার পারভেজ হোসেন ইমনও, যা দলটির ব্যাটিং-বোলিং ভারসাম্যে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

অন্যদিকে, লেগ স্পিনার রিশাদ হোসেন তিন কোটি পাকিস্তানি রুপিতে নতুন ফ্র্যাঞ্চাইজি রাওয়ালপিন্ডি দলের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন।

এর আগে তিনি লাহোর কালান্দার্সের হয়ে খেলেছেন, ফলে টুর্নামেন্টের অভিজ্ঞতা তার বড় সম্পদ হিসেবে বিবেচিত হচ্ছে।

নাহিদ রানা ও পারভেজ হোসেন ইমন শুরুতে নিলামে দল না পেলেও পরবর্তীতে ভিত্তিমূল্যে (৬০ লাখ পাকিস্তানি রুপি) দুই ফ্র্যাঞ্চাইজি তাদের দলে অন্তর্ভুক্ত করে।

শরিফুল ইসলামও পেস বোলিং বিভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে বাংলাদেশি ক্রিকেটারদের চাহিদা ধীরে ধীরে বাড়ছে, যা আন্তর্জাতিক অঙ্গনে তাদের গ্রহণযোগ্যতার ইতিবাচক প্রতিফলন।

বিশেষ করে পিএসএলের মতো প্রতিযোগিতামূলক আসরে নিয়মিত খেলার সুযোগ ভবিষ্যতে জাতীয় দলের পারফরম্যান্সেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

সব মিলিয়ে, এবারের পিএসএল আসর বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের জন্য বাড়তি আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

এখন দেখার বিষয়, এই ছয় ক্রিকেটার নিজেদের পারফরম্যান্স দিয়ে কতটা আলো ছড়াতে পারেন।