কাটেনি ঈদের আমেজ, ঢিলেঢালায় চলছে ব্যাংক কার্যক্রম

প্রথম কর্মদিবসে কম গ্রাহক ও উপস্থিতি; টানা ছুটির প্রভাবে ধীরগতি মতিঝিল ব্যাংকপাড়া
টুইট ডেস্ক: টানা সাত দিনের ঈদের ছুটি শেষে ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠান খুললেও পুরোপুরি স্বাভাবিক হয়নি কার্যক্রম। রাজধানীর মতিঝিল ও দিলকুশা এলাকার ব্যাংকগুলোতে এখনো ঈদের আমেজ কাটেনি, ফলে কর্মচাঞ্চল্যের বদলে দেখা গেছে ঢিলেঢালা পরিবেশ।
মঙ্গলবার (২৪ মার্চ) সরেজমিনে দেখা যায়, কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি তুলনামূলক কম। যারা এসেছেন, তাদের অনেকেই কাজের চাপ কম থাকায় শুভেচ্ছা বিনিময় ও আড্ডায় সময় কাটাচ্ছেন। গ্রাহক উপস্থিতিও ছিল স্বাভাবিক দিনের তুলনায় কম, ফলে লেনদেন হয়েছে সীমিত পরিসরে।
ব্যাংক সংশ্লিষ্টরা জানান, দীর্ঘ ছুটি ও মাঝখানে স্বাধীনতা দিবসসহ আরও ছুটি থাকায় পুরোপুরি কর্মচাঞ্চল্য ফিরতে সময় লাগবে। তবে আগামী সপ্তাহ থেকে ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিক হওয়ার আশা করা হচ্ছে।






