জেট ফুয়েলের দাম এক ধাক্কায় ৮০ শতাংশ বৃদ্ধি

বিইআরসির সিদ্ধান্তে দেশীয় রুটে লিটারপ্রতি দাম বেড়ে ২০২ টাকা; আন্তর্জাতিক ফ্লাইটেও বড় উল্লম্ফন

টুইট ডেস্ক: বাংলাদেশে জেট ফুয়েলের দাম এক ধাক্কায় প্রায় ৮০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। মঙ্গলবার (২৪ মার্চ) এক জরুরি বৈঠকের পর নতুন এই মূল্য ঘোষণা করা হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১১২ টাকা ৪১ পয়সা থেকে বাড়িয়ে ২০২ টাকা ২৯ পয়সা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ লিটারপ্রতি ৮৯ টাকা ৮৮ পয়সা বা প্রায় ৮০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

অন্যদিকে আন্তর্জাতিক ফ্লাইটের জন্য জেট ফুয়েলের দাম ০.৭৩৮৪ ডলার থেকে বাড়িয়ে ১.৩২১৬ ডলার করা হয়েছে, যা প্রায় ৭৯ শতাংশ বৃদ্ধি।

বিইআরসির কর্মকর্তারা জানান, পদ্মা অয়েল ও বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)-এর প্রতিনিধিদের উপস্থিতিতে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন মূল্য ২৪ মার্চ মধ্যরাত থেকে কার্যকর হবে।