গ্রেপ্তার সাবেক এমপি মাসুদ উদ্দিন

ডিবির অভিযানে বারিধারা ডিওএইচএস থেকে আটক, একাধিক মামলার তথ্য

টুইট ডেস্ক: ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (২৩ মার্চ) দিবাগত রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে তাকে আটক করা হয়।

ডিবি প্রধান শফিকুল ইসলাম জানান, তার নেতৃত্বে পরিচালিত অভিযানে বারিধারা ডিওএইচএস-এর ২ নম্বর লেনের ১৫৩ নম্বর বাড়ি থেকে সাবেক এই এমপিকে গ্রেপ্তার করা হয়। তবে তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর বিস্তারিত তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি। প্রাথমিকভাবে জানা গেছে, তার বিরুদ্ধে প্রায় পাঁচটি মামলা রয়েছে।

মাসুদ উদ্দিন চৌধুরী ২০০৭ সালে সেনাবাহিনীর নবম ডিভিশনের জিওসি হিসেবে দায়িত্ব পালন করেন। এক-এগারোর রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি গুরুতর অপরাধ দমন-সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়কের দায়িত্বে ছিলেন।

পরবর্তীতে ২০০৮ সালের জুনে তাকে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়, যেখানে তিনি ২০১১ সালের জুন পর্যন্ত দায়িত্ব পালন করেন।

রাজনীতিতে সক্রিয় হয়ে ২০১৮ সালে জাতীয় পার্টিতে যোগ দেন তিনি এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ (সোনাগাজী ও দাগনভূঞা) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

সর্বশেষ প্রাপ্ত তথ্যানুযায়ী, গ্রেপ্তারের পর তাকে নিয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।