জিয়া পরিষদের ৩৮ বছর: জিয়ার আদর্শে নতুন প্রত্যয়

জিয়ার আদর্শে সংগঠন শক্তিশালী করার প্রত্যয়, সমাধিতে শ্রদ্ধা ও দোয়া মাহফিল।
টুইট ডেস্ক: রাজধানীর শেরে বাংলা নগরে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর অন্যতম সহযোগী সংগঠন জিয়া পরিষদের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
রবিবার (২২ মার্চ) দিবসটি উপলক্ষে সকালে মহান স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া-এর সমাধিতে জিয়া পরিষদের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় ফাতেহা পাঠ, কোরআন তেলাওয়াত ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের সাবেক উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক, বীর মুক্তিযোদ্ধা জননেতা আব্দুস সালাম। এছাড়াও উপস্থিত ছিলেন জিয়া পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ আব্দুল লতিফ, ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. মোঃ শফিকুল ইসলাম, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরের সভাপতি অধ্যাপক আবুল কালাম আজাদ, যুগ্ম মহাসচিব নূরনবী খান এবং কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ আশরাফুল আলম সজীবসহ কেন্দ্রীয় ও বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
এছাড়াও ব্যাংক, বীমা ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, যা সংগঠনটির পেশাভিত্তিক বিস্তৃতি ও প্রভাবকে প্রতিফলিত করে।
কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ আশরাফুল আলম সজীব তার বক্তব্যে বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাষ্ট্রচিন্তা, উন্নয়ন দর্শন ও জাতীয়তাবাদী আদর্শ আজও বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক। প্রযুক্তিনির্ভর আধুনিক রাষ্ট্র গঠনে তাঁর দূরদর্শী নীতিমালা আমাদের জন্য দিকনির্দেশনা হয়ে আছে। তরুণ প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় দক্ষ করে তুলেই আমরা সেই আদর্শ বাস্তবায়নে এগিয়ে যেতে চাই। জিয়া পরিষদ এই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও আরও শক্তিশালী ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানে বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা জাতীয়তাবাদী দর্শন, উৎপাদনমুখী অর্থনীতি ও গণতান্ত্রিক চর্চা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।







