রাসিক প্রশাসকের ঈদ শুভেচ্ছা

সম্প্রীতি, সহমর্মিতা ও নাগরিক অংশগ্রহণের আহ্বান!

মুরাদুল ইসলাম স‌নেট: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজশাহী মহানগরবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

শুভেচ্ছা বাণীতে তিনি বলেন, মহিমান্বিত মাহে রমজানের এক মাস সিয়াম সাধনার পর আনন্দ, সংযম, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের অনন্য বার্তা নিয়ে আসে পবিত্র ঈদুল ফিতর। এই পবিত্র দিনকে কেন্দ্র করে পারস্পরিক সম্প্রীতি, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ আরও সুদৃঢ় করার আহ্বান জানান তিনি।

প্রশাসক আরও উল্লেখ করেন, ঈদের আনন্দ যেন সমাজের সব স্তরের মানুষের মাঝে সমানভাবে ছড়িয়ে পড়ে। তিনি বলেন, “সকল শ্রেণি-পেশার মানুষ যাতে ঈদের আনন্দে শামিল হতে পারে, সে জন্য আমাদের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোই হোক ঈদের প্রকৃত শিক্ষা।”

রাজশাহী সিটি কর্পোরেশনের চলমান উন্নয়ন কার্যক্রমের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে রাজশাহীকে গড়ে তুলতে রাসিক নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নাগরিক সেবা নিশ্চিত করতে এই অগ্রযাত্রায় নগরবাসীর সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণ কামনা করেন তিনি।

পরিশেষে মহান আল্লাহর দরবারে প্রার্থনা জানিয়ে তিনি বলেন, আল্লাহ যেন সকলের জীবন সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে দেন এবং প্রিয় মহানগরী রাজশাহীকে আরও উন্নত ও সমৃদ্ধ করে তোলার তৌফিক দান করেন।
ঈদ মোবারক।