ঈদের আগে সুগন্ধি চাল ও নিত্যপণ্যের দাম আকাশছোঁয়া

সেমাই, চিনি, মশলা থেকে তেল প্রতিটি নিত্যপণ্যের দাম বেড়েছে ২০-২৫ শতাংশ, সবজি তুলনামূলক সস্তা
টুইট ডেস্ক: ঈদুল ফিতরের আগে নিত্যপণ্যের বাজারে ক্রেতাদের ভিড় বাড়ার সঙ্গে সঙ্গে দামও আকাশছোঁয়া। সেমাই, চিনি, দুধ, মশলা এবং সুগন্ধি চালসহ অনেক পণ্যের দাম কয়েক দিনের ব্যবধানে ২০-২৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।
রাজধানীর বাজারে খোলা ও প্যাকেটজাত সুগন্ধি চালের কেজি প্রতি ১৪০-১৭৫ টাকা বিক্রি হচ্ছে। কৃষি বিপণন অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সুগন্ধি চালের দাম গত বছরের একই সময়ে ছিল ৯০ থেকে ১৩০ টাকা, যা এখন ১২০-১৫০ টাকা। সেমাইয়ের দামও কয়েক দিনে বৃদ্ধি পেয়ে ২০০ গ্রাম থেকে ৫০০ গ্রাম প্যাকেটের ক্ষেত্রে ৪০ থেকে ৭০০ টাকা পর্যায়ে পৌঁছেছে।
চিনি ও মশলার দামও বেড়েছে; বিদেশি চিনি কেজিপ্রতি ১০০-১০৫ টাকায়, দেশি চিনি ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। এলাচ ৫ হাজার, দারুচিনি ৫৬০-৬০০, জয়ত্রি ৪ হাজার এবং জায়ফল ১,৫০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। লবঙ্গ, ধনিয়া, তেজপাতা ও জিরার দামও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
সয়াবিন তেলের সরবরাহের ঘাটতি দেখা দেয়ায় খোলা তেলের দাম বেড়ে ২১৫-২২০ টাকা পর্যন্ত উঠেছে। তবে সবজির বাজারে স্বস্তি; পেঁয়াজ, আলু, টমেটো, শসা, বেগুনের দাম তুলনামূলক কম, কাঁচামরিচ ৮০-১০০ টাকা এবং লেবু ৬০-৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।






